Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলকে ইবাদত

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারের মাইলফলক স্পর্শ করেছেন পেসার ইবাদত হোসেন। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনার আব্দুল মালেককে ফিরিয়ে টেস্টে উইকেটের ফিফটি (৫০ উইকেট) পূর্ণ করেছেন এই ডানহাতি পেসার। এর মাধ্যমে বাংলাদেশের পঞ্চম পেসার হিসেবে টেস্টে ৫০ বা তার বেশি উইকেটের মালিক হলেন ইবাদত।

ইনিংসের দ্বিতীয় ওভারে ইবাদতের গুড লেংথের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মালেক। এই ম্যাচে এটি ইবাদতের শিকার হওয়া পঞ্চম উইকেট। প্রথম ইনিংসে ৪টি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এই উইকেটের সুবাদে ২৬তম টেস্টে এসে ৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান তিনি। সামগ্রিকভাবে বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে এই অর্জন করলেন ইবাদত।

এর ঠিক একদিন আগেই মাত্র ১৭ টেস্ট খেলে চতুর্থ বাংলাদেশি পেসার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিং ইতিহাসে এর আগে এই ক্লাবে নাম লিখিয়েছিলেন কেবল মাশরাফি বিন মর্তুজা (৭৮ উইকেট), শাহাদাত হোসেন (৭২ উইকেট) ও তাসকিন আহমেদ (৫৯ উইকেট)।

এদিকে, ম্যাচের চতুর্থ দিনে দারুণ ব্যাট করেছে বাংলাদেশ। লিটন দাসের চমৎকার সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৫১ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানরা। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ৮ উইকেট।