স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি দারুণ মাইলফলক স্পর্শ করলেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের চতুর্থ দিনে ব্যাট করার পথে বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে ৯ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে নাম লেখালেন এই উইকেটকিপার-ব্যাটার।
বাংলাদেশের হয়ে এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার বা তার বেশি রানের মাইলফলক স্পর্শ করেছেন চারজন ব্যাটার। এই তালিকায় সবার ওপরে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম (১৬,২৫২ রান)। এর পরের স্থানগুলোতে আছেন যথাক্রমে তামিম ইকবাল (১৫,১৯২ রান), সাকিব আল হাসান (১৪,৭৩০ রান) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (১১,০৪৭ রান)। তাদের ঠিক পরেই এবার নিজের নাম যুক্ত করলেন লিটন দাস।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টে বেশ চালকের অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। চতুর্থ দিন সকালে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে খেলা শুরু করে টাইগাররা। দিনের শুরুতেই দুই স্পিনার কায়েস আহমেদ ও জিয়াউর রেহমানের ওপর চড়াও হন লিটন। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তাদের দুজনকে বাউন্ডারি হাঁকান তিনি।
অবশ্য ইনিংসের শুরুটা খুব একটা সহজ ছিল না লিটনের জন্য। ব্যক্তিগত ১৪ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়েও শহিদউল্লাহ কামালের কল্যাণে জীবন পান। এরপর ২৬ রানের মাথায় কায়েস আহমেদের বলে আরও একবার ক্যাচ তুলে দিলেও তা লুফে নিতে পারেননি বোলার।
তবে পাওয়া জীবনগুলোকে কাজে লাগিয়ে নিজের ইনিংসটি বড় করেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে করেছে ২৬৭ রানে ব্যাট করছে। লিড দাঁড়িয়েছে ৩৭৩। আফগানিস্তানের বিপক্ষে বিশাল এই সংগ্রহ নিয়ে বাংলাদেশ এখন ম্যাচটি নিজেদের পকেটে পুরতে কতদূর এগোয়, সেটাই এখন দেখার বিষয়।