স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
মাঠে ফর্ম হারাচ্ছে, রেফারির লাল কার্ড দেখতে হচ্ছে, এখন ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জীবনে এখন একের পর এক চাপের দিন চলছে। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে আবারও বিচ্ছেদ ঘটেছে তার। পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভার্জিনিয়ার প্রতিনিধিরা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল রোববার (১১ অক্টোবর) জানিয়েছে, ভার্জিনিয়ার দল নিশ্চিত করেছে যে দুজন আর একসঙ্গে নেই। তাদের বক্তব্যে স্পষ্ট বলা হয়েছে, ‘কোনো বিরোধ হয়নি, কোনো ঝগড়াও হয়নি। শুধু তারা আর যুগল হিসেবে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’ সম্পর্কটি প্রথম প্রকাশ্যে আসে ২০২৫ সালের অক্টোবরে। এ বছরের মে মাসে প্রথমবার বিচ্ছেদ হয়। জুলাইয়ে আবার জোড়া লাগলেও সেই পুনর্মিলন টিকল মাত্র কয়েক মাস।
সম্প্রতি ভার্জিনিয়ার একা মিয়ামি যাওয়াকে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়েছিল। পরে তার প্রতিনিধিরা জানান, সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই এই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল।
এদিকে মাঠেও স্বস্তিতে নেই ভিনিসিয়ুস। শনিবার রাতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টানার অভিযোগে লাল কার্ড দেখেন তিনি। গোলও বাতিল হয়। এ ঘটনায় এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তেমনটা হলে মৌসুমের প্রথম এল ক্লাসিকো মিস করতে পারেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।