স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম
কোচ জর্জ জেসুসের সঙ্গে মতপার্থক্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়লেও ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিশ্চিত করেছেন যে, আগামী নভেম্বর মাসের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরবেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইউয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় সম্প্রতি উত্তাল হয়ে ওঠে পর্তুগিজ ফুটবল অঙ্গন। গত শনিবার দেশটির ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল এই ঘটনার জেরে সিআরসেভেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এমনকি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, এই নিষেধাজ্ঞার মেয়াদ এক থেকে দীর্ঘ ছয় মাস পর্যন্ত হতে পারে।
তবে সব সংশয় উড়িয়ে দিয়ে ফ্যাব্রিজিও রোমানোর মাধ্যমে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। তিনি জানান, 'ফেডারেশন, কোচিং স্টাফ এবং রোনালদোর সতীর্থরা সবাই রোনালদোকে দলে ফিরে পেতে মুখিয়ে আছে। তিনি সর্বকালের সেরা ফুটবলার। আমরা আশা করছি, আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই সে স্কোয়াডে ফিরবে। তাছাড়া ক্রিস্তিয়ানো নিজেও জাতীয় দলে ফেরার ব্যাপারে অত্যন্ত আগ্রহী।'
ফেডারেশন সভাপতি আরও পরিষ্কার করে দিয়েছেন যে, রোনালদোর বিরুদ্ধে চলা শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত অভ্যন্তরীণ তদন্ত ও আইনি প্রক্রিয়া নিজস্ব গতিতেই চলবে। তবে এই চলমান প্রক্রিয়া তার মাঠে ফেরার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।
এদিকে, উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষাংশে দুর্দান্ত ছন্দে রয়েছে পর্তুগাল। ইতিমধ্যে প্রথম চার ম্যাচে জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা। আগামী ১৪ নভেম্বর ডেনমার্কের মুখোমুখি হওয়ার পর, ১৭ নভেম্বর ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে পর্তুগিজরা। সবকিছু ঠিকঠাক থাকলে, নভেম্বরের এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই আবারও চিরচেনা পতুর্গিজ জার্সিতে দেখা যাবে ফুটবলের এই বরপুত্রকে।