স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি থেকে চূড়ান্ত বিদায় নেওয়ার মাত্র কয়েক দিন পরই লিওনেল মেসি আবারও মাঠে নামলেন। এবার ক্লাব ফুটবলে। আর সেখানেও তিনি দেখিয়ে দিলেন, বয়স বা অবসরের আবেগ কিছুই তার খেলার ধার কমায়নি। ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করে দলকে ৪-০ ব্যবধানে জয় এনে দিলেন তিনি।
ফ্লোরিডার নু স্টেডিয়ামে শনিবার (১০ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এমএলএস ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে মিয়ামি। প্রথমার্ধে লুইস সুয়ারেজের দুই গোলে ২-০ তে এগিয়ে যায় দ্য হারনসরা। বিরতির পরপরই আলোয় চলে আসেন মেসি। ৪৭তম মিনিটে সুয়ারেজের সুন্দর পাস থেকে ভলি শটে দলের তৃতীয় গোলটি করেন তিনি।
মাত্র ১৩ মিনিট পর ৬০তম মিনিটে রদ্রিগো দে পলের পাস নিয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে কাঁদিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
এই দুই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। গোল্ডেন বুটের দৌড়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে আরও এগিয়ে গেছেন।