স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
যুক্তরাজ্যের কাউন্টি ক্লাব এসেক্সের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যাটার রবিন দাসের। ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়ার মধ্যে থাকা এই ক্রিকেটারের চুক্তি আগেই বাতিল করেছিল ক্লাব কর্তৃপক্ষ। সম্প্রতি আদালতে হাজিরা দেওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২৪ বছর বয়সী রবিন দাসের বিরুদ্ধে ২০২৪ সালের মার্চ মাসে লন্ডনের ব্রিকসনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, এই অভিযোগের প্রেক্ষিতে ২০২৫ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয় এবং চলতি বছরের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়। বর্তমানে তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্ত আছেন। আগামী ২০২৮ সালের জানুয়ারি মাসে তার পাঁচ দিনব্যাপী এই মামলার বিচারকাজ বা ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার পরই বিষয়টি গণমাধ্যমে নতুন করে উঠে আসে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি মামলার সিদ্ধান্তের সঙ্গে রবিন দাসের চুক্তি শেষের বিষয়টি সরাসরি সম্পর্কিত নয়। তবে বরখাস্ত হওয়া এবং দলের হয়ে খেলতে না পারার কারণে ২০২৬ মৌসুম শেষ হওয়ার আগেই তার সঙ্গে চুক্তি শেষ করেছে এসেক্স।
এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, রবিন দাসের বিরুদ্ধে চলা আদালতের কার্যক্রম সম্পর্কে তারা ওয়াকিবহাল। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় চলমান আইনি প্রক্রিয়া নিয়ে ক্লাব আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া, ক্লাবের নিজস্ব শৃঙ্খলা ও সেফগার্ডিজং বা সুরক্ষা নীতিমালা বজায় রাখতে তারা ইসিবি, পিসিএ এবং ক্রিকেট রেগুলেটরের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রবিন দাসের পৈতৃক নিবাস বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জে। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডেই হলেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে পরিচিত। ঘরোয়া ক্রিকেটে তিনি এসেক্স দলের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন। ২০২৬ সালের মৌসুমে এসেক্সের হয়ে মূল দলে তিনি মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। গত ২১ জুলাই মেট্রো ব্যাংক ওয়ান-ডে কাপে মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে তিনি ২৯ রান সংগ্রহ করেছিলেন।