Dhaka Mail Logo

স্পোর্টস

ব্রাজিলের তারকা ফুটবলারকে নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম

ইউরোপ সেরার লড়াইয়ে নামার ঠিক আগমুহূর্তে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে কাতালান পরাশক্তি বার্সেলোনা। দলের আক্রমণভাগের সবচেয়ে সেরা ফর্মে থাকা ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলার সময় ডান উরুতে আঘাত পান এই ফরোয়ার্ড। 

চোট খুব গুরুতর না হলেও ফুটবলারের দীর্ঘমেয়াদী ফিটনেসের কথা ভেবে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি কোচ হ্যান্সি ফ্লিক। ফলে সামনের অন্তত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে এই তুখোড় ফরোয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হবে কাতালান ক্লাবটিকে।

চলতি ফুটবল মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে রীতিমতো উরন্ত ফর্মে ছিলেন রাফিনহা। এখন পর্যন্ত খেলা মাত্র ৮টি ম্যাচে প্রতিপক্ষের জালে ১৬ বার বল পাঠিয়ে দলের প্রধান আক্রমণের কাণ্ডারী হয়ে উঠেছিলেন তিনি। ফলে তার এই সাময়িক অনুপস্থিতি স্প্যানিশ জায়ান্টদের কৌশলগত পরিকল্পনায় বেশ বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। 

সামনের লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিরুদ্ধে হাইভোল্টেজ লড়াই; এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলিয়ান এই তারকাকে বেঞ্চেও দেখতে পাবেন না সমর্থকরা।

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, রাফিনহার চোট মারাত্মক কোনো রূপ নেয়নি, তবে তার আগের চোটের ইতিহাস ও টানা খেলার ক্লান্তি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রামে রাখা হচ্ছে। ক্লাবের মেডিকেল টিম সার্বক্ষণিক তার দেখভাল করছে এবং দ্রুতই তাকে আবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় মাঠে ফেরানোর বিষয়ে তারা আশাবাদী।