Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

লিও, তোমার গল্প চিরকাল বেঁচে থাকবে: রোনালদো

স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে যাদের নাম উচ্চারিত হলেই একসঙ্গে মনে পড়ে, সেই দুই মহাতারকার সম্পর্ক আবারও আলোচনায় এসেছে। মাঠে একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে যে পারস্পরিক সম্মান ছিল, লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির পর ক্রিস্তিয়ানো রোনালদো সেই সম্মানের প্রমাণ দিলেন আরেকবার।

বাংলাদেশলবার সময় বুধবার ভোর ৫টায় বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামেন মেসি। ৩-০ গোলের জয়ে তিনি নিজে একটি গোল করেন এবং আরও দুটিতে অবদান রাখেন। এই ম্যাচটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। 

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে মেসি জানান, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ। আর এরই মধ্যে আকাশি-সাদা জার্সিটাকে মিস করছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তটাই নিচ্ছি। এটা ছিল অসাধারণ এক যাত্রা; যেখানে অনেক আনন্দ ছিল, আবার কিছু দুঃখও ছিল। তবে আমি জানি, প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’

পোস্টে তিনি পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে স্মরণ করেন প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। মেসি লেখেন, ‘আমি দিয়েগোকে ভুলতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে থাকার সময় যেমন সাহায্য করেছেন, তেমনি স্বর্গ থেকেও প্রতিটি পদক্ষেপে আমাদের সাহায্য করে গেছেন।’

মেসির এই বার্তার নিচেই মন্তব্য করেন রোনালদো। পর্তুগিজ তারকা লেখেন, ‘লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছ এবং এমন একটি গল্প রেখে যাচ্ছ, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য তোমার প্রতি আমার পূর্ণ সম্মান। একটি আলিঙ্গন।’

বেনিনের বিপক্ষে এই ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে তার নামের পাশে এখন ১২৬ গোল ও ৭০টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ফিফা বিশ্বকাপ।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না মেসি। যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির হয়ে তিনি খেলা চালিয়ে যাবেন।