Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ব্রাজিল ক্যাম্প ছেড়ে বার্সা ফিরতেই শতভাগ ফিট রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সফরে ঊরুর চোটে পড়া রাফিনিয়া ব্রাজিলের হয়ে ভারতে খেলতে যাননি। বরং ক্লাবে ফিরে গিয়েছেন। আর সেখানেই শুরু হয়েছে আলোচনা। ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় পা রাখতেই তার শরীর যেন আবার পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে হাসি-ঠাট্টা আর ক্ষোভের।

ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে দিলেই যেন চোটের ফাঁদে পা রাখেন রাফিনিয়া, এমন অভিযোগ সমর্থকদের মুখে বেশ পুরনো। এবারও তার ব্যতিক্রম হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় ঊরুর পেশিতে চোট পান তিনি। তারপর ভারত সফরে না গিয়ে সরাসরি বার্সেলোনায় ফিরে যান।

গল্পের মোড় এখানেই ঘুরে যায়। ব্রাজিল ক্যাম্প থেকে বের হয়ে ক্লাবে ফিরতেই রাফিনিয়া শতভাগ ফিট বলে খবর আসতে শুরু করে। ব্যস, এতেই ব্রাজিল ভক্তদের মধ্যে ক্ষোভ আর রসিকতার ঝড় ওঠে। অনেকে প্রশ্ন তুলছেন, জাতীয় দলের হয়ে খেলতে গেলেই চোট, অথচ বার্সেলোনায় ফিরলেই ফিটনেস রিপোর্ট, এটা কি শুধু কাকতালীয়?

কেউ কেউ রসিকতা করে বলছেন, রাফিনিয়ার শরীরে হয়তো আলাদা একটি ‘বার্সেলোনা মোড’ আছে। এক সমর্থকের মন্তব্যে ধরা পড়েছে সেই অনুভূতি, ‘ব্রাজিলে চোটের রিপোর্ট, বার্সায় ফিরেই ফিটনেস রিপোর্ট। এটা কি ফুটবল, নাকি জাদুবিদ্যা?’

শুক্রবার বার্সেলোনার চিকিৎসকরা রাফিনিয়ার ঊরুর স্ক্যান রিপোর্ট পরীক্ষা করে জানিয়েছেন, তার কোনো গুরুতর সমস্যা নেই। পেশি শুধু সামান্য ফুলে গিয়েছিল। আশা করা হচ্ছে, আগামী ১০ অক্টোবর হেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচেই তিনি মাঠে ফিরতে পারবেন।

ব্রাজিলের হলুদ জার্সিতে রাফিনিয়ার কাছ থেকে সমর্থকদের সবসময় বড় প্রত্যাশা থাকে। গুরুত্বপূর্ণ সময়ে তাকে না পাওয়ায় হতাশা স্বাভাবিক। তবে তিনি ব্রাজিলের সঙ্গে কোনো বেঈমানি করেছেন, এমন অভিযোগের পক্ষে এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই।