Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

রোজারিওর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনির অনুমতি নিয়েই তিনি দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে আলবিসেলেস্তের জার্সিতে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন এই মহাতারকা। 

২০০৫ সালের ১৬ আগস্ট অভিষেকের পর থেকে ২১ বছরের বর্ণাঢ্য পথে ২০৭ ম্যাচ খেলেছেন তিনি। বিশ্বকাপসহ দুটি কোপা আমেরিকা জিতেছেন। রেকর্ড ১২৫ গোল ও ৬৮ অ্যাসিস্ট করেছেন। বিদায়ের আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ছবি শেয়ার করে লিখেছে, ‘স্বাগতম, ক্যাপ্টেন! আবেগের জোয়ারে ভাসছে সবাই।’

এই ঐতিহাসিক মুহূর্তের আগে প্রতিপক্ষ বেনিন দল চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে। বুয়েনস আইরেসে পৌঁছানোর পর থেকেই তারা ভোগান্তির শিকার। প্রায় ২৩ থেকে ২৫ ঘণ্টার দীর্ঘ ইকোনমি ক্লাস ফ্লাইটে ক্লান্তিকর যাত্রার পর হোটেলে গিয়ে দেখেন গরম পানির ব্যবস্থা নেই। 

স্টিম বাথ বা সানাও অচল। অনুশীলনের জন্য দেওয়া কৃত্রিম টার্ফ ও ফিটনেস রুম পেশাদার দলের উপযোগী নয় বলেও অভিযোগ করেছে তারা। দীর্ঘ যাত্রায় ভিডিও বিশ্লেষক জোনাস বিদের কালো হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বেনিন দলের খেলোয়াড়রা পেশাদার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সুবিধা পাচ্ছেন না। নানা প্রতিকূলতা সত্ত্বেও ফুটবল বিশ্বের সর্বকালের সেরা তারকার এই বিদায়ী ম্যাচের সাক্ষী হতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। ম্যাচটি বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত হবে।