স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম
বুর্কিনা ফাসোকে ৭-০ গোলে হারানোর পর আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর রাত ২টায় বেনিনের বিরুদ্ধে মনুমেন্টাল স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের শেষ অফিশিয়াল ম্যাচে মাঠে নামবেন এই কিংবদন্তি।
মেসির এই বিদায়ী ম্যাচটি দেখার জন্য ফুটবলপ্রেমীদের চাহিদার কথা তুলে ধরে হাসিমুখে স্কালোনি বলেন, "‘মাঠে মেসি যা করে, তা আমি অন্য কারও মধ্যে দেখিনি। এ অনুভূতি মিস করব। তার বিদায়ী ম্যাচের জন্য এমন পাঁচটি মনুমেন্তাল স্টেডিয়ামের টিকিটও বিক্রি করা সম্ভব ছিল।’"
জাতীয় দলে মেসির অনবদ্য অবদান স্মরণ করে স্কালোনি বলেন, এখন শুধু এই ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করার সময় এসেছে। মাঠে মেসি যে প্রভাব ফেলেন, তা অতুলনীয়।
মেসির পেশাদারিত্ব ও নিবেদনের প্রশংসা করে কোচ বলেন, "তাঁর রেখে যাওয়া ঐতিহ্য হলো সবসময় দেশের হয়ে খেলার অদম্য ইচ্ছা। অনুশীলনে সে সবার আগে আসত এবং সবার শেষে মাঠ ছাড়ত। নিজের যত্ন নেওয়া এবং প্রতিটি ম্যাচকে যেভাবে সে গ্রহণ করত- বাহির থেকে সাধারণ সমর্থকেরা তা পুরোপুরি দেখতে পান না, কিন্তু সতীর্থরা দেখেছে। তরুণদের জন্য এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না।"
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা ফুটবল থেমে থাকবে না উল্লেখ করে স্কালোনি আরও যোগ করেন, "আমাদের খেলা চালিয়ে যেতে হবে, তবে মাঠে তাকে পাওয়ার অনুভূতিটা একদমই আলাদা। ফুটবল মাঠে সে যা সঞ্চার করে, তা অন্য কারও মধ্যে আমি দেখিনি। এটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।"
বুর্কিনা ফাসোর বিপক্ষে ৭-০ ব্যবধানের জয় নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি জানান, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও তাঁর দল পূর্ণ গুরুত্ব দিয়ে খেলেছে এবং তরুণদের পর্যাপ্ত সময় দেওয়ার মূল লক্ষ্য অর্জিত হয়েছে।