স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএম
নিউ চণ্ডীগড়ের নিউ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে শেরফেন রাদারফোর্ডের আউটকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। থার্ড আম্পায়ারের দেওয়া এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেছেন এই ক্যারিবীয় ব্যাটার।
ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩০তম ওভারের শেষ বলে। মুম্বাই ইন্ডিয়ান্সে রাদারফোর্ডের সতীর্থ ভারতীয় অফ-স্পিনার নামান ধীরের বলে কাট করার চেষ্টা করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। উইকেটের পেছনে বল গ্লাভসবন্দি করে ক্যাচের জোর দাবি জানান কেএল রাহুল। অন-ফিল্ড আম্পায়ার আউট দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন রাদারফোর্ড।
টিভি রিপ্লেতে আল্ট্রা-এজে বল ব্যাটের পাশ অতিক্রম করার মুহূর্তে স্পাইক (শব্দের তরঙ্গ) দেখা যায়। এর ওপর ভিত্তি করে বাংলাদেশের থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। তবে সিদ্ধান্তের বিরোধিতা করে মাঠেই আম্পায়ারের কাছে অসন্তোষ প্রকাশ করেন রাদারফোর্ড। ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষকদের অনেকেই ব্যাটারের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ব্যাটে বল লাগার জন্য নয়, বরং ব্যাট প্যাডে লাগার কারণেই স্পাইকটি উঠেছিল, তা ছাড়া ব্যাটের সাথে বলের ব্যবধানও স্পষ্ট ছিল।
বিতর্কিত এই আউটের পরেও নিউ চণ্ডীগড়ে ৩৫২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে ১০ বল হাতে রেখেই ৫ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচ জিতে ভারতের সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় ২-১ ব্যবধানে শেষ হলো ওডিআই সিরিজটি।
ওয়েস্ট ইন্ডিজের এই ঐতিহাসিক জয়ের মূল নায়ক ছিলেন অধিনায়ক শাই হোপ। ব্যাটিং ওপেন করতে নেমে ১৪৩ বলে ১৬২ রানের মহাকাব্যিক অপরাজিত ইনিংস খেলেন তিনি। এটি চলতি সিরিজে তাঁর টানা দ্বিতীয় শতক।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৮৭ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন কেএল রাহুল। এছাড়া ওপেনার রোহিত শর্মার ৯২ এবং রুতুরাজ গায়কোয়াড়ের ৫৭ রানে ভর করে ৩৫১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত।