স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম
পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের আলোচনা চলছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৩-০ তে হারের পর কোচিং স্টাফ ও নির্বাচক কমিটিতে রদবদলের গুঞ্জন জোরালো হয়েছে। এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সাবেক তারকা পেসার শোয়েব আক্তারের নাম। অনেকেই ধারণা করছিলেন, তিনি হয়তো জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে পারেন। কিন্তু ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই কিংবদন্তি সেই সব খবরকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে শোয়েবকে তার পুরোনো একটি বক্তব্যের কথা মনে করিয়ে দেওয়া হয়। সেখানে তিনি বলেছিলেন, তার মা তাকে পিসিবি ও রাজনীতি থেকে দূরে থাকতে বলেছিলেন। পিটিভি স্পোর্টসের প্রশ্নের জবাবে শোয়েব স্পষ্ট করে বলেন, “এমন কিছুই নেই। যা বলা হচ্ছে, সবই অনুমাননির্ভর। আমি আমার সেই বক্তব্যের ওপরই আছি এবং মায়ের সেই পরামর্শ মেনেই চলব।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “এসব দাবির কোনো সত্যতা নেই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার কোনো আগ্রহই নেই। প্রধান নির্বাচক হওয়ার খবরও শুনছি। এগুলো সবই ভুয়া। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের উন্নতি চাই।”
বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থান করা শোয়েব জানান, পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে এ বিষয়ে তার কোনো আলোচনাই হয়নি। এর আগে কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল যে, তার বড় ভাইয়ের মৃত্যুর পর নাকভি যোগাযোগ করেন এবং দুজনের মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে। এমনকি জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে বলে খবর ছড়িয়েছিল। কিন্তু শোয়েবের সাম্প্রতিক বক্তব্যে সেই সব দাবির কোনো সমর্থন পাওয়া যায়নি।
পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলা শোয়েব মনে করেন, বোর্ডের আনুষ্ঠানিক পদে না থেকেও দেশের ক্রিকেটের জন্য কাজ করা সম্ভব। তিনি বলেন, “আমি পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই। তবে সেটা করার আরও অনেক উপায় আছে। এর জন্য পিসিবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।”