স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম
শক্তিমত্তায় বিস্তর ফারাক থাকলেও বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে অভিষিক্ত ম্যাচে বেশ লড়াকু পারফরম্যান্স উপহার দিয়েছে ভারত। ফিফা র্যাঙ্কিংয়ের ছয় নম্বর দল ব্রাজিলের কাছে কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-০ গোলে হেরেছে ১৩৮ নম্বর দল ভারত।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে ব্রাজিল এগিয়ে থাকলেও তাদের ছন্দ কিছুটা মন্থর ছিল। তবে ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় সেলেসাওরা। একাই বল নিয়ে বক্সে ঢুকে ডানদিক থেকে জোরালো শট নেন এস্তেভাও। ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং হাত ছোঁয়ালেও গতির কারণে তা জালে জড়িয়ে যায়।
এরপর ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। এবারও ডানদিক থেকে পেদ্রোর নেওয়া শট গোলরক্ষকের গায়ে লেগে জালে আশ্রয় নেয়। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুটাও কিছুটা ম্যাড়ম্যাড়ে ছিল। তবে ৫৮ মিনিটে পেদ্রোর বাড়ানো বল ধরে দারুণ এক চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্যামুয়েল লিনো। ফলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত।
তিন গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভারত। ৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি ভালো আক্রমণও তৈরি করেছিল তারা। কিন্তু রায়ান উইলিয়ামস ও মনভির সিংরা গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন।
ম্যাচের শেষ মুহূর্তে এসে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইমে বক্সের ভেতর দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন স্যামুয়েল লিনো। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়েন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।