স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম
কাগজে-কলমে সিনিয়র পর্যায়ে মুখোমুখি লড়াইয়ের কোনো ইতিহাস নেই। ফুটবল বিশ্বের পরাশক্তি আর্জেন্টিনার সামনে ফিফা র্যাঙ্কিংয়ের ৬২ নম্বর দল বুরকিনা ফাসো কেবলই এক সাধারণ প্রতিপক্ষ। তবে স্মৃতির পাতায় চোখ বোলালে ফুটে ওঠে এক বিস্ময়কর পরিসংখ্যান। আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে কখনো না খেললেও বয়সভিত্তিক ফুটবলে আলবিসেলেস্তেদের কাছে এখনো অপরাজিত পশ্চিম আফ্রিকার এই দলটি! সেই ঐতিহাসিক রেকর্ড আর অদম্য আত্মবিশ্বাস বুকে নিয়ে এবার সিনিয়র পর্যায়ে লিওনেল স্কালোনির দলের মুখোমুখি হচ্ছে তারা।
দুই দলের অনূর্ধ্ব-১৭ পর্যায়ে সেই ঐতিহাসিক লড়াইগুলো হয়েছিল ২০০১ সালে ত্রিনিদাদ ও টোবাগো বিশ্বকাপে। গ্রুপ পর্বের প্রথম সাক্ষাৎ শেষ হয়েছিল ২-২ সমতায়, যেখানে আর্জেন্টিনার পক্ষে গোল করেছিলেন লুকাস কোরেয়া ও ম্যাক্সি লোপেস। সেবার সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার কাছে হেরে বুরকিনা ফাসো বিদায় নিলে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে আবারও মুখোমুখি হয় তারা। সেই ম্যাচে হুগো তোকাল্লির অধীনে থাকা শক্তিশালী আর্জেন্টাইন যুবাদের ২-০ গোলে হারিয়ে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতে নেয় আফ্রিকান দলটি। এরপর দীর্ঘ দুই দশকে আন্তর্জাতিক ফুটবলে আর কখনোই দেখা হয়নি তাদের।
অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে স্কালোনির দল যে তিনটি প্রীতি ম্যাচ খেলবে, তার দ্বিতীয়টিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নামবে বুরকিনা ফাসো। বয়সভিত্তিক সেই অপরাজিত রেকর্ড ধরে রাখার লক্ষ্য থাকলেও ম্যাচের ঠিক আগেই বড় ধরনের ভ্রমণ বিপর্যয়ে পড়েছে দলটি। ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনায় পৌঁছানোর কথা থাকলেও চার্টার্ড উড়োজাহাজ সংস্থা কোনো পূর্বসংবাদ ছাড়াই ফ্লাইট বাতিল করায় মরক্কোর কাসাব্লাঙ্কায় টানা দুই দিন আটকে থাকতে হয় পুরো দলকে।
হঠাৎ এই ফ্লাইট জটিলতায় ভ্রমণের সূচি ও প্রস্তুতি নিয়ে খেলোয়াড়দের মধ্যে তীব্র অনিশ্চয়তা ও ক্লান্তি তৈরি হয়। পরবর্তীতে বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন, দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় দূতাবাসের যৌথ প্রচেষ্টায় সংকট কাটিয়ে বিমানটি বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়।
দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষেই সরাসরি মনুমেন্তাল স্টেডিয়ামে পৌঁছে স্কালোনির শিষ্যদের মুখোমুখি হতে হবে আফ্রিকান দলটিকে। একদিকে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের জয় ধরে রাখার ক্ষুধা, অন্যদিকে ফ্লাইট ভোগান্তির ধকল সামলে বয়সভিত্তিক রেকর্ড অক্ষুণ্ণ রাখার কঠিন পরীক্ষা, সব মিলিয়ে এক অনন্য রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।