স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির পঞ্চম মৌসুমের প্লেয়ার নিলামে ৩ লাখ ৮০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা)। আফগানিস্তানের তারকা ফাস্ট বোলার ফজলহক ফারুকীকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত এই মেগা নিলামে ফারুকী টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন। এর মাধ্যমে চতুর্থ মৌসুমে এমআই এমিরেটসেরই আন্দ্রে ফ্লেচারের ২ লাখ ৬০ হাজার ডলারের রেকর্ডটি ভেঙে গুঁড়িয়ে দেন তিনি।
ফারুকী ছাড়াও আরও তিনজন ক্রিকেটার নিলামে ফ্লেচারের আগের সেই রেকর্ড অতিক্রম করেছেন। ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ৩ লাখ ৫০ হাজার ডলারে দলে টেনেছে গালফ জায়ান্টস। রাইট-টু-ম্যাচ কার্ড ব্যবহার করে ৩ লাখ ১০ হাজার ডলারে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে নিজেদের দলে ধরে রেখেছে জায়ান্টসরা। আর দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসিসকে ৩ লাখ ডলারে দলে যুক্ত করেছে দুবাই ক্যাপিটালস।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিজার্ট ভাইপার্স তাদের ৮০,০০০ ডলারের ভিত্তি মূল্যে পাকিস্তানের চার তারকা ক্রিকেটার- বাবর আজম, নাসিম শাহ, ফখর জামান এবং শাদাব খানকে স্কোয়াডে যুক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে আইএলটি২০-তে অভিষেক হতে যাচ্ছে বাবর আজমের, আর নাসিম ও ফখর ফিরছেন পুরোনো দলে।
ইউএই (সংযুক্ত আরব আমিরাত)-র স্থানীয় ক্রিকেটারদের মধ্যেও কাড়াকাড়ি পড়েছিল। রাইট-টু-ম্যাচ প্রয়োগ করে ২ লাখ ১০ হাজার ডলারে ওপেনার মুহাম্মদ ওয়াসিমকে রিটেইন করেছে এমআই এমিরেটস, যা আইএলটি২০ ইতিহাসে কোনো ইউএই ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক। এছাড়া আলিশান শরাফু ১ লাখ ১০ হাজার ডলারে আবুধাবি নাইট রাইডার্সে এবং মুহাম্মদ রোহিদ ও আয়ান খান ৯৫,০০০ ডলার করে যথাক্রমে নাইট রাইডার্স ও দুবাই ক্যাপিটালসে যোগ দিয়েছেন।
সহযোগী দেশের ক্রিকেটারদের মধ্যে যুক্তরাষ্ট্রের আমশি ডি সিলভাকে ১ লাখ ডলারে আবুধাবি নাইট রাইডার্স এবং হাসান খানকে ৯০,০০০ ডলারে দুবাই ক্যাপিটালস নিয়েছে। স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ৮০,০০০ ডলারে শারজাহ ওয়ারিয়র্স এবং নামিবিয়ার ডেভিড ভিসা ৭০,০০০ ডলারে গালফ জায়ান্টসে যোগ দেন।
নিলামে নাইট রাইডার্স ৮০,০০০ ডলারে মঈন আলী এবং আফগানিস্তানের গুলবাদিন নাইব ও আরব গুলকে যথাক্রমে ৭৫,০০০ ও ৮০,০০০ ডলারে কিনেছে। এমআই এমিরেটস ১ লাখ ৭০ হাজার ডলারে ক্রিস জর্ডান, ১ লাখ ১০ হাজার ডলারে লিজাড উইলিয়ামস এবং আরটিএম দিয়ে ১ লাখ ৫০ হাজার ডলারে এএম গজানফারকে ধরে রেখেছে। শারজাহ ওয়ারিয়র্স ১ লাখ ৮০ হাজার ডলারে রিচার্ড গ্লিসন, ১ লাখ ৪০ হাজার ডলারে মোহাম্মদ নবী এবং ১ লাখ ১০ হাজার ডলারে পল ওয়াল্টারকে কিনেছে। গালফ জায়ান্টস ২ লাখ ৩০ হাজার ডলারে আলজারি জোসেফকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি দুবাই ক্যাপিটালস ১ লাখ ডলারে দাসুন শানাকাকে আরটিএমে যুক্ত করেছে।