Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ক্যানসার জয় করে অস্ট্রেলিয়া দলে ফিরলেন ম্যাডিনসন

স্পোর্টস ডেস্ক

০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী ব্যাটার নিক ম্যাডিনসন। টেস্টিকুলার ক্যান্সারের চিকিৎসা ও কিমোথেরাপি নেওয়ার মাত্র এক বছর পর জাতীয় দলে ফিরে আসার মাধ্যমে এক অবিশ্বাস্য গল্প লিখলেন এই বাঁহাতি ব্যাটার। ৯ অক্টোবর ডারবানে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আঙুলের হাড় ভেঙে উইকেটরক্ষক জশ ইংলিশ ছিটকে পড়ায় স্কোয়াডে পরিবর্তন আনে অস্ট্রেলিয়ান নির্বাচকমণ্ডলী।

ইংলিশের জায়গায় ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে স্যাম হার্পারকেও প্রথমবার জাতীয় দলে তলব করা হয়েছে। এছাড়া ৩য় ওডিআইতে পেটের পেশিতে চোট পাওয়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ফিটনেস নিয়েও দুঃচিন্তায় রয়েছে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি নতুন অন্তর্ভুক্তি নিয়ে বলেন, "জশ সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় স্যাম আমাদের উইকেটকিপিংয়ের কভার দেবে, আর নিক ব্যাটিং অর্ডারে দারুণ নমনীয়তা ও বিকল্প নিয়ে আসবে।"

২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলেছিলেন ম্যাডিনসন। এরপর দীর্ঘ প্রায় ১০ বছর তিনি লাল বলের ক্রিকেটের বাইরে ছিলেন। গত বছর ক্যান্সার শনাক্ত হওয়ার পর কিমোথেরাপি গ্রহণ করেন তিনি এবং সুস্থ হওয়ার পর এখনও কোনো ফার্স্ট-ক্লাস ক্রিকেট খেলেননি। শেফিল্ড শিল্ডে অংশ না নিলেও চলতি মৌসুমে নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক মনোনীত হন এবং গত সপ্তাহে ওয়ানডে কাপে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে নিজের দারুণ ফর্মের জানান দেন।

অন্যদিকে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে সেঞ্চুরিসহ ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া মূল দলে ডাক পেলেন ২৬ বছর বয়সী স্যাম হার্পার। তিনি সিরিজে দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক অ্যালেক্স কেয়ারির ব্যাকআপ হিসেবে থাকবেন।