Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ফোন ফেরত চেয়ে তদন্তকারী সংস্থাকে রিজওয়ানের চিঠি

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)-র কাছে পাঠানো নিজের দ্বিতীয় চিঠিতে চলতি তদন্তের লিখিত বিবরণ চেয়েছেন দেশটির অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। একই সাথে তদন্তের নামে দীর্ঘ দিন ধরে আটকে রাখা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। জিও নিউজ মঙ্গলবার এ চিঠির একটি অনুলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছে।

চিঠিতে ৩৪ বছর বয়সী এই সাবেক অধিনায়ক পুনর্ব্যক্ত করেছেন যে, চলমান তদন্তের বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে তাঁকে এ পর্যন্ত কোনো লিখিত বিবরণ দেওয়া হয়নি এবং পরবর্তীতে আর কোনো শুনানির বিষয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি।

রিজওয়ান জানান, গত ৩১ আগস্ট ইংল্যান্ডে অবস্থানকালে তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি নেওয়া হয়েছিল। সে সময় তিনি স্বেচ্ছায় ফোনের পাসওয়ার্ড দিয়েছিলেন এবং তাঁর উপস্থিতিতেই ডিভাইসটি পরীক্ষা করা হয়েছিল। এরপর গত ১০ সেপ্টেম্বর এনসিসিআইএ কর্তৃপক্ষের সামনে উপস্থিত হলে তদন্তকারীরা তাঁর আনলক করা মোবাইলের মেসেজ ও অন্যান্য তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। তিনি কোনো অবস্থাতেই পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানাননি বলে উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, ৩১ আগস্ট ফোনটি হস্তান্তরের সময় ৩ ঘণ্টার মধ্যেই ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ডিজিটাল ফরেনসিক পরীক্ষা দ্রুত শেষ করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও ফোন ফেরত পাননি তিনি।

চিঠিতে রিজওয়ান এনসিসিআইএ-কে অনুরোধ করেন, তদন্তের মূল কারণ লিখিতভাবে তাঁকে জানাতে এবং পরবর্তীতে কখন ও কোন সময়ে তাঁকে হাজির হতে হবে তা আনুষ্ঠানিকভাবে যেন জানানো হয়। এছাড়া ভবিষ্যতের সব ধরনের যোগাযোগের জন্য কোনো অপ্রাতিষ্ঠানিক মাধ্যম ব্যবহার না করে ডাকযোগে সরাসরি তাঁর আবাসিক ঠিকানায় লিখিত চিঠি পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।