Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

‘ডি থ্রি ট্রফি’তে ৬ দলের কোচ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রস্তাবিত ঘরোয়া টুর্নামেন্ট ‘ডি৩’ (ডোমেস্টিক ৩)-এর দল পরিচালনা ও কোচিং প্যানেল চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিগুলোর ড্রাফটের মাধ্যমে ছয়টি দলই তাদের প্রধান কোচ, সহকারী কোচ ও সাপোর্ট স্টাফদের তালিকা প্রকাশ করেছে।

জাতীয় স্তরের চার দিনের ম্যাচ, একদিনের প্রতিযোগিতা ও এনসিএল টি-টোয়েন্টিকে এক ছাতার নিচে এনে এই নতুন টুর্নামেন্টের পরিকল্পনা করেছে বিসিবি। তিন ফরম্যাট মিলিয়ে অনুষ্ঠিত হবে মোট ৪২টি ম্যাচ।

ড্রাফটে অভিজ্ঞ কোচ ও সাবেক ক্রিকেটারদের বড় দায়িত্বে রাখা হয়েছে। ওয়ালটনের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জাতীয় দলের স্পিনার আব্দুর রাজ্জাক। তাঁর সঙ্গে সহকারী হিসেবে থাকছেন তুষার ইমরান ও ডলার মাহমুদ। ফরচুনের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ সালাহউদ্দিন, আর তাঁর সহকারী হিসেবে কাজ করবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আবদুল করিম জুয়েল।

অন্য দলগুলোর মধ্যে এসই ব্লুস্টারের প্রধান কোচ হয়েছেন সোহেল ইসলাম এবং একমির দায়িত্ব নিয়েছেন সাবেক ব্যাটার রাজিন সালেহ। সিটিজেন্স ব্যাংকের কোচের দায়িত্বে থাকছেন মিজানুর রহমান বাবুল ও সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন সাবেক পেসার তালহা জুবায়ের।

কোচিং স্টাফদের পাশাপাশি প্রতিটি দলই তাদের ফিজিও, ফিটনেস কোচ ও পারফরম্যান্স অ্যানালিস্ট প্যানেল চূড়ান্ত করেছে। ম্যানেজমেন্টের ড্রাফট শেষ হওয়ার পর আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের ড্রাফট। এতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ২৩ জন করে ক্রিকেটার স্কোয়াডে নেওয়ার সুযোগ পাবে। ১৫ ডিসেম্বর বরিশালে টি-টোয়েন্টি পর্বের মধ্য দিয়ে মাঠে গড়াবে এই আসর।