Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তানের নতুন পরিকল্পনা, বড় দায়িত্ব পেতে পারেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

পাকিস্তান ক্রিকেট এখন এক বড় মোড়ে দাঁড়িয়ে। ইংল্যান্ড সফরে তিন টেস্টে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পর বোর্ডের ভেতরে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘থিংক ট্যাংক’-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে।

ইসলামাবাদে বসবাসরত শোয়েব গত সপ্তাহে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে দেখা করেছেন। সেই বৈঠকে পাকিস্তান ক্রিকেটের নানা সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে শোয়েবের বড় ভাইয়ের মৃত্যুর পর চেয়ারম্যান নকভি নিজে যোগাযোগ রেখেছিলেন এবং সেই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন। এই আচরণ শোয়েবকে বেশ প্রভাবিত করেছে।

এর আগে গণমাধ্যমে পাকিস্তান ক্রিকেট ও বোর্ডের সমালোচনায় সোচ্চার থাকা শোয়েবের সঙ্গে পিসিবির সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। কিন্তু নকভির এই উদ্যোগ দুজনের দূরত্ব কমিয়ে এনেছে। বৈঠকে চেয়ারম্যান নিজের পরিকল্পনা শেয়ার করেন এবং শোয়েবকে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) ও প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনের আমন্ত্রণ জানান। এর পর থেকেই তাদের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে।

সূত্র জানিয়েছে, শোয়েবকে শুধু সম্মানসূচক পদ নয়, বড় কোনো দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে। বৈঠকে শোয়েব নিজেও পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কিছু পরিকল্পনা ও শর্ত তুলে ধরেছেন। তার বিশ্বাস, সেই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দলকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

শুধু শোয়েব নয়, জাতীয় দলের কোচিং স্টাফেও পরিবর্তন আসতে পারে। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও ব্যাটিং কোচ অ্যাশলি নফকের আকস্মিক বিদায়ের পর কয়েকজন বিদেশি কোচ ও পরামর্শক নিয়োগের আলোচনা চলছে। নারী জাতীয় দলের জন্যও দীর্ঘমেয়াদি স্থায়ী প্রধান কোচ খোঁজা হচ্ছে। সাম্প্রতিক সময়ে নারী দলও প্রত্যাশিত ফল দিতে পারছে না।