Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

বলিভিয়া ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল দুই দিনের ছুটি কাটিয়ে সোমবার (২৮ অক্টোবর) আবার অনুশীলনে ফিরেছে। বুধবার বলিভিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনির নির্দেশে খেলোয়াড়রা নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করেছেন।

শনিবার ও রোববার খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। সোমবার বিকেলে সবাই আবার একত্রিত হয়ে অনুশীলনে যোগ দেন। দিনের শুরুতেই মাঠে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে কথা বলেন স্কালোনি।

অনুশীলনের শুরুতে দলকে দুই ভাগে ভাগ করা হয়। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছোট একটি ম্যাচও খেলেন। সেই দলে ছিলেন লিওনেল মেসি, রড্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি, এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো, হুলিয়ান আলভারেজ ও এজেকিয়েল পালাসিওস।

অন্যদিকে, চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা নিকোলাস তাগলিয়াফিকো ও থিয়াগো আলমাদা জিমে সময় কাটান। তারা স্টেশনারি বাইকে অনুশীলন করেন।

জাতীয় দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে শুধু তোমাস পালাসিওস ও লিওনেল ফ্লোরেস ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। পালাসিওস জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও পরে এস্তুদিয়ান্তেসের হয়ে আন্তর্জাতিক সুপার কাপে খেলতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই ম্যাচে রোসারিও সেন্ট্রাল জয় পায়। একইভাবে বোকা জুনিয়র্সের হয়ে কোপা আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার ম্যাচে রেসিংয়ের বিপক্ষে খেলেন ফ্লোরেস। দুজনই সোমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।

বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি স্কালোনি। তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ ইতোমধ্যে ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে কাজ শুরু করেছেন এবং বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; আগুস্তিন হিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; ভালেন্তিন বারকো, নিকোলাস পাজ; হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।