Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

হামজাদের আজ বাঁচা-মরার ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা সামলে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে এই ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের সামনে। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে এবং টফি অ্যাপে।

দুই দলই টুর্নামেন্ট শুরু করেছে হার দিয়ে। শুক্রবার মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। একই দিন সিঙ্গাপুর হেরেছে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে। ফলে দুই দলের জন্যই আজকের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। তিন পয়েন্ট পেলে টুর্নামেন্টের পরের পথ কিছুটা সহজ হবে। না হলে অবস্থা আরও জটিল হয়ে যাবে।

সিঙ্গাপুরের কোচ গ্যাভিন লি বলছেন, আগের ম্যাচের ফল নিয়ে ভাবার সময় নেই। নিজেদের প্রস্তুতি ও পারফরম্যান্সের ওপর জোর দিতে হবে। তিনি বলেন, ‘যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে আছে, সেগুলোতে মনোযোগ দিতে হবে। ভালো প্রস্তুতি নিলে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখলে মাঠে ভালো ফল আসবে।’

বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গত মার্চে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ৩০ হাজার দর্শকের সামনে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। হারহিস স্টুয়ার্টের গোলে জয় পেয়েছিল স্বাগতিক দল।

ফিফা র‍্যাঙ্কিংয়েও ব্যবধান আছে। বাংলাদেশ রয়েছে ১৮২ নম্বরে, সিঙ্গাপুর ১৪৮-এ। তবে র‍্যাঙ্কিং ভুলে মাঠে লড়াই করতে চায় বাংলাদেশ। বিশেষ করে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা চৌধুরীকে ঘিরে আশাবাদী দলের আক্রমণভাগ।

বাংলাদেশের কোচ টমাস ডুলি জানেন, এই ম্যাচে তিন পয়েন্ট কতটা দরকার। তিনি খেলোয়াড়দের হামজা চৌধুরী ও রাকিব হোসেনের মনোভাব অনুসরণ করতে বলেছেন। ডুলি বলেন, ‘হামজা যখন ওয়ান-অন-ওয়ান লড়াইয়ে যায়, তখন তার শরীরী ভাষা ও ডিফেন্ডিং স্টাইল দেখো। রাকিব যখন বলের দিকে যায়, কতটা পরিশ্রম করে সেটা দেখো। এটাই আসল মনোভাব।’