স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে দলকে চাপ সামলে খেলার তাগিদ দিয়েছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। দূরের কোনো হিসাব-নিকাশ না কষে সম্পূর্ণ মনোযোগ শেষ আটের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ধরে রাখার জন্য তিনি খেলোয়াড়দের আহ্বান জানিয়েছেন।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না বলে মনে করেন সালাহউদ্দিন। অতীতে সেখানে কাজ করার সুবাদে প্রতিপক্ষ দলটি সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে। ২০২৩ সালের এশিয়ান গেমসে এই মালয়েশিয়ার বিরুদ্ধেই এক রোমাঞ্চকর কম স্কোরের ম্যাচে মাত্র ২ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে কোচ বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। কারণ, একই উইকেটে বারবার খেলা হয়। এখানে আসলে অনেক সময় টস একটা ফ্যাক্টর হতে পারে। এ কারণে বলব যে প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত নয়। খেলেই আমাদের জিততে হবে।’
এদিকে এবারের এশিয়ান গেমসে বেশ কয়েকবারই বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টির বাধায় ম্যাচ পণ্ড হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় টাইগাররাই সেমিফাইনালে যাবে। তবে ম্যাচটা খেলেই জিততে চান সালাহউদ্দিন। তিনি বলেন, ‘ম্যাচ হলে খুবই খুশি হবো; কারণ, আপনি হঠাৎ করে ৫-৭ দিন ম্যাচ ছাড়া (সেমিফাইনাল বা ফাইনালে) যখন সরাসরি ম্যাচ খেলবেন, খুব কঠিন হয়ে যাবে। প্রথম ম্যাচটা আমরা কীভাবে খেলছি…ওখান থেকে পরেরটা আমরা পরেরটা চিন্তা করব। আগেই পরেরটা দিকে চিন্তা না করে আমাদের প্রথম ম্যাচটা নিয়ে আসলে ভাবা উচিত।’
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি হলো স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া। সালাহউদ্দিন বিশ্বাস করেন, ক্রিকেটাররা দীর্ঘদিন একসাথে খেলছেন এবং প্রত্যেকে নিজ নিজ ভূমিকা সম্পর্কে সচেতন, যা নকআউট পর্বের চাপ সামলাতে কার্যকর ভূমিকা রাখবে। তাঁর মতে, "আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষপর্যায়ের দল বা খেলোয়াড় হতে হলে চাপ সামলানো শিখতে হবে।"