Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে একাদশে ৭ পরিবর্তন ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রস্তুতিতে বড় ধরনের পরিবর্তন আনছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রথম অনুশীলনেই তিনি একাদশে সাতটি পরিবর্তন করেন। গত শুক্রবার টাউনসভিলে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই অনুযায়ীই এই বদল। একই সঙ্গে কৌশলগত ছকও বদলে ৪-৩-৩ ফরমেশনে দলকে অনুশীলন করান ইতালিয়ান কোচ। এমনটায় জানায় ব্রাজিল গণমাধ্যম গ্লোবো এস্পোর্তের এক প্রতিবেদনে।

প্রতিবেদন অনুসারে, গোলরক্ষক পজিশন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে সবচেয়ে বেশি। আনচেলত্তি সাধারণত গোলরক্ষক ঘুরিয়ে দেন। রোববারের অনুশীলনে শুরুতে ওতাভিওকে মাঠে নামাতে দেখা গেলেও আগে হুগো ও মরিসকোও মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন।

আগের ম্যাচের শুরুর একাদশ থেকে এবার শুধু দানিলো, ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া জায়গা ধরে রেখেছেন। তবে রাফিনিয়ার পজিশনে পরিবর্তন এসেছে। বার্সেলোনায় আক্রমণভাগের আরও ওপরে খেলে দুর্দান্ত ফর্মে থাকা এই খেলোয়াড়কে এবার সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর চেষ্টা করছেন আনচেলত্তি। বার্সার জার্সিতে আক্রমণাত্মক ভূমিকায় নেমে আট ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। জাতীয় দলেও তার এই ফর্মের সর্বোচ্চ সুবিধা নিতে চাইছেন কোচ।

অনুশীলনের শেষ দিকে মাঝমাঠ ও আক্রমণভাগে আরও কিছু সমন্বয় পরীক্ষা করা হয়। তখন আন্দ্রে সান্তোস, বিদোন ও মার্টিনেল্লি এবং লিনো, এন্দ্রিক ও এস্তেভাওকে নিয়ে বিভিন্ন কম্বিনেশন দেখা হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সোমবার আরও একটি অনুশীলন করবে ব্রাজিল। এরপরই চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। দুই দল মুখোমুখি হবে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে।

সম্ভাব্য একাদশ: গোলরক্ষক ওতাভিও; ডিফেন্ডার- ভান্দারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র; মাঝমাঠে- দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বোনতেম্পো; আক্রমণে- রায়ান, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।