স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম
আজ থেকে শুরু হতে যাচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। থিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিরাট কোহলি নিয়ে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধু ওয়ানডেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র মঞ্চ। ফলে প্রতিটি ইনিংস এখন সমর্থকদের কাছে বিশেষ গুরুত্ব পায়।
কোহলি এখন ওয়ানডেতে ১৪,৯৪১ রান নিয়ে দাঁড়িয়ে আছেন। মাত্র ৫৯ রান দূরে ১৫,০০০ রানের মাইলফলক। শচীন টেন্ডুলকারের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই সংখ্যায় পৌঁছাবেন তিনি। শচীন যেখানে ৩৭৭ ইনিংসে এই রান পূর্ণ করেছিলেন, কোহলি মাত্র ৩০২ ইনিংসেই এত কাছে চলে এসেছেন। দ্রুততম ১৫ হাজার রান সংগ্রাহকের রেকর্ডও তার হাতের নাগালে।
দেশের মাঠেও বড় সুযোগ অপেক্ষা করছে। ভারতের মাটিতে শচীনের ওয়ানডে রান ৬,৯৭৬। কোহলির সংগ্রহ এখন ৬,৮৬৭। আর মাত্র ১১০ রান যোগ করলেই তিনি ঘরের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন।
ক্যারিবিয়ানদের বিপক্ষে কোহলির রেকর্ড সবসময়ই চমকপ্রদ। ৪৩ ম্যাচে ৬৬.৫০ গড়ে ২,২৬১ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি। এই সিরিজে আর একটি শতক পেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০টি ওয়ানডে সেঞ্চুরির মাইলফলক ছুঁয়ে ফেলবেন। শ্রীলঙ্কার পর দ্বিতীয় কোনো একক দলের বিরুদ্ধে এই সংখ্যায় পৌঁছানো প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস গড়বেন তিনি।
সব ফরম্যাট মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুনীল গাভাস্কারের ১৩টি সেঞ্চুরির রেকর্ডও এখন কাছে। কোহলির ঝুলিতে আছে ১২টি (৯ ওয়ানডে ও ৩ টেস্ট)। এক সেঞ্চুরি করলে সমান হবেন, দুটি করলে একাই শীর্ষে উঠবেন।
তিন নম্বর পজিশনেও বড় লক্ষ্য রয়েছে। এই স্থানে ব্যাট করে আর ১৮০ রান করলেই ১৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। ওয়ানডে ইতিহাসে কোনো ব্যাটার একা এই সংখ্যায় পৌঁছাননি।
থিরুঅনন্তপুরম, গুয়াহাটি ও নয়া চণ্ডীগড়ে খেলা তিন ম্যাচের এই সিরিজে কোহলি যদি নিজের পুরনো ফর্ম ফিরিয়ে আনতে পারেন, তাহলে একাধিক রেকর্ডের মালিক হতে পারেন।