Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

সর্বকালের সেরা ক্রিকেটার হওয়ার কথা ছিল যার, তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

ছেলেবেলায় একই স্কুলের মাঠে, একই কোচের তত্ত্বাবধানে আর একই ক্রিকেটের পরিবেশে বড় হয়েছিলেন দুই বন্ধু শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি। ভাগ্যের খেলায় একজন আজ ক্রিকেট জগতের ‘ঈশ্বর’ হিসেবে পরিচিত, অন্যজন ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে সরে গেছেন। অথচ কৈশোরে কাম্বলির নাম-ডাক ও প্রতিভা অনেকের মতে শচীনের চেয়েও বেশি ছিল। এমনকি ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও একসময় কাম্বলির প্রতিভা নিয়ে উচ্চ ধারণা প্রকাশ করেছিলেন।  

শচীন পরবর্তীতে বিতর্কিতভাবে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর বিনোদ কাম্বলি? সম্প্রতি একটি ভিডিওবার্তার মাধ্যমে জানা গেছে, তিনি এখন একটি বৃদ্ধাশ্রমে অবস্থান করছেন। ওই ভিডিওতে তিনি কেন্দ্রের পরিবেশ, সুযোগ-সুবিধা ও পরিচ্ছন্নতার প্রশংসা করেছেন। কাম্বলি বলেছেন, সেখানে থাকতে তার নিজের বাড়ির মতোই অনুভূত হচ্ছে। ৫৪ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যানকে দেখে মনে হয়েছে তিনি ভালো মেজাজে আছেন। তবে সামাজিক মাধ্যমে অনেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সাবেক ফার্স্ট-ক্লাস আম্পায়ার ও কাম্বলির বন্ধু মার্কাস কৌতো দাবি করেছেন, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে তার স্মৃতিশক্তিতে সমস্যা হচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে গুরুতর মূত্রনালির সংক্রমণে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কৌতো জানিয়েছেন, থানে হাসপাতালে ভর্তির পর থেকে প্রায় দেড় বছর ধরে এই সমস্যা চলছে। কাম্বলি মদ্যপান ছেড়ে দিয়েছেন, তবে মাঝে মাঝে ধূমপান করেন। খ্যাতনামা নিউরোসার্জন ডা. আদিল চাগলা তার চিকিৎসা তদারকি করছেন বলেও জানা গেছে।  

তবে কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট এসব দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন, ঈশ্বরের কৃপায় বিনোদ ভালো আছেন এবং কে তার স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে তা তিনি জানেন না।  

কাম্বলি একসময় অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বড় আশা জাগিয়েছিলেন। কিন্তু দুর্দান্ত শুরুর পরও ভারতীয় দলে তার ক্যারিয়ার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। তিনি মাত্র ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন।  

সূত্র: ইন্ডিয়া টুডে