Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

প্রেমিকার ভাইরাল ভিডিওতে কপাল পুড়ল আর্জেন্টাইন তারকার

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

ফুটবল মাঠের বাইরেও তারকাদের জীবন কখনো কখনো নাটকীয় হয়ে ওঠে। আর্জেন্টিনার সাবেক আন্তর্জাতিক ফরোয়ার্ড মাউরো ইকার্দি এখন ঠিক সেই অবস্থায় আছেন। গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ক্লাব খুঁজতে হিমশিম খাচ্ছেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। এমনিতেই ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা, তার ওপর এবার মাঠের বাইরে এক অপ্রত্যাশিত আইনি জটিলতায় পড়েছেন তিনি। প্রেমিকা লা চিনা সুয়ারেজের সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওর কারণে বুয়েন্স আয়ার্সের পরিবহন কর্তৃপক্ষ তার ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০৯৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং আর্জেন্টিনার লা নাসিওনসহ বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি সুয়ারেজ একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, চলন্ত গাড়ির জানালা দিয়ে তিনি শরীরের বেশিরভাগ অংশ বাইরে বের করে রেখেছেন। সিটবেল্টও বাঁধা ছিল না। গাড়ি চালাচ্ছিলেন খোদ ইকার্দি। 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বুয়েন্স আয়ার্সের পরিবহন মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে। অনুসন্ধানে বেরিয়ে আসে, ইকার্দির আর্জেন্টিনীয় ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে ২০১৯ সালের মে মাস থেকেই। প্রাদেশিক আইন ১৩৯২৭ অনুসারে একাধিক ট্রাফিক নিয়ম ভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ সতর্কতামূলক নিষেধাজ্ঞা জারি করে।

তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই ২০৯৯ সালের তারিখ পুরোপুরি প্রতীকী ও দাপ্তরিক নিয়মের অংশ। এর অর্থ এই নয় যে ইকার্দিকে সত্যিই সাত দশক অপেক্ষা করতে হবে। তিনি চাইলে আবার লাইসেন্স পেতে পারেন। তার জন্য নির্ধারিত ড্রাইভিং পরীক্ষা ও মানসিক-শারীরিক উপযুক্ততা যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে। সড়ক নিরাপত্তার স্বার্থে এ ধরনের ব্যবস্থা বাধ্যতামূলক বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে ইকার্দি নিজেও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তার ইতালীয় লাইসেন্স ২০২৯ সাল পর্যন্ত বৈধ এবং কর্তৃপক্ষকে রাস্তাঘাট মেরামতের পরামর্শ দিয়েছেন। মাঠে তার ভবিষ্যৎ এখনও অস্পষ্ট। কাতার, মেক্সিকো বা আর্জেন্টিনার ক্লাবগুলোর সঙ্গে গুঞ্জন থাকলেও এখনো কোনো নতুন চুক্তি হয়নি। ইন্টার মিলান ও পিএসজির সাবেক এই তারকা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাত্র আট ম্যাচ খেলেছেন।