স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
কয়েক বছর ধরেই জল্পনা চলছিল। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে সরে আসার পর বিরাট কোহলি কতদিন ওয়ানডেতে থাকবেন। এ প্রশ্নের উত্তর এবার নিজেই দিয়ে দিলেন। জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী আইসিসি ওয়ানডে বিশ্বকাপই হবে ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ। তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরবিদায়।
কোহলি বলেন, ‘এবার খেলা হবে বিদেশের মাটিতে। শরীর ও মনের ওপর এর চাপ অনেক বেশি। ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর সেটাই এখন আমার মূল অনুপ্রেরণা, নিজের সবটুকু নিংড়ে দিয়ে মাঠে শেষ চেষ্টাটা করে আসা।’
তিনি আরও ব্যাখ্যা করেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা ও প্রতিযোগিতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ আজকাল প্রায় ১০টি ম্যাচেই টি-টোয়েন্টির মতো উচ্চমাত্রার তীব্রতা ধরে রেখে খেলতে হয়। সহজ কথায়, আপনি একদিনেই প্রায় আড়াইটা টি-টোয়েন্টি ম্যাচের সমান ক্রিকেট খেলছেন! আর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচে সেই একই তীব্রতা ও শক্তির মান ধরে রাখা আস আসলেই বড় চ্যালেঞ্জের ব্যাপার।’
২০০৮ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া কোহলি ২০১১ সালে প্রথম বিশ্বকাপ খেলেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে স্মরণীয় শুরু। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে ৩৫ রান ও গৌতম গম্ভীরের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে ভারতের ২৮ বছর পর বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০১৫-এ পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শুরু করলেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনে নিতে হয়। ২০১৯-এ অধিনায়ক হিসেবে টানা পাঁচটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে সেমিফাইনালে পৌঁছান, কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে যান।
২০২১ সালের শেষে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর ২০২৩ বিশ্বকাপ খেলেন রোহিত শর্মার নেতৃত্বে। সেবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হৃদয়বিদারক হার হলেও কোহলি পুরো আসরে ৭৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তিন সেঞ্চুরি ও ছয় হাফসেঞ্চুরি ছিল তাঁর ইনিংসে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি। এরপর ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান। এখন শুধু ওয়ানডেতে সক্রিয় রয়েছেন। ২০২৭ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে সরে দাঁড়াবেন বলেই জানিয়েছেন। তবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা চালিয়ে যাবেন।