স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
নিজের ব্যক্তিগত সেরা কিংবা এই মৌসুমের টাইমিং স্পর্শ করতে না পারলেও এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
প্রতিযোগিতার পঞ্চম হিটে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সাতজন দৌড়বিদদের মধ্যে চতুর্থ স্থানে থেকে ম্যাচ শেষ করেন ইমরানুর। নিয়ম অনুযায়ী প্রতি হিটের শীর্ষ তিনজন সরাসরি সেমিফাইনালে উন্নীত হলেও, বাকিদের মধ্যে দ্রুততম ছয়জন সময় টাইমিংয়ের ভিত্তিতে সেমিতে ওঠার সুযোগ পান।
ইমরানুরের ১০.৪৯ সেকেন্ড টাইমিংটি সেই অতিরিক্ত ছয়টি জায়গার একটি অর্জনের জন্য যথেষ্ট ছিল। ২৪ জন সেমিফাইনালিস্টের সমন্বিত তালিকায় তিনি ২২তম স্থানে থেকে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন।
পাঁচ নম্বর লেনে দৌড়ানো ইমরানুরের এই হিটে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হিসেবে বিবেচিত মালদ্বীপের অ্যাথলেট হাসান সাইদও প্রতিদ্বন্দ্বিতা করেন। এই হিটে ১০.৩৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন চাইনিজ তাইপের স্প্রিন্টার।
কেরিয়ারের সেরা ১০.১১ সেকেন্ড এবং চলতি মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে এসেছিলেন ইমরানুর। তবে উদ্বোধনী রেসে সেই টাইমিং ছোঁয়া সম্ভব না হলেও, ১০.৪৯ সেকেন্ডের টাইমিংই তাঁকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে এবং সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগ এনে দিয়েছে।