স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
সমর্থকদের জন্য এক ব্যতিক্রমী ও অভিনব সুযোগ নিয়ে এসেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ঐতিহ্যবাহী হোম গ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ডের মূল মাঠের ঘাস কাঁচের বাক্সে সংরক্ষণ করে সমর্থকদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। প্রতি টুকরো সংরক্ষিত ঘাসের স্মারক কিনতে সমর্থকদের গুনতে হবে ১২৫ পাউন্ড (প্রায় ১৬৫.৪৯ মার্কিন ডলার)।
১৯১০ সাল থেকে ওল্ড ট্রাফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ হিসেবে পরিচিত। রেকর্ড ১৩টি প্রিমিয়ার লিগ শিরোপাসহ ক্লাবের ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোর সাক্ষী এই 'থিয়েটার অব ড্রিমস'। ইউনাইটেড তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, জয়-পরাজয়, সাফল্য-ব্যর্থতা ও ইতিহাসের সাক্ষী এই মাঠের ঘাস কাঁচের কিউবে সংরক্ষণ করা হয়েছে, যাতে সমর্থকরা ক্লাবের একটি স্মরণীয় অংশ নিজের কাছে রাখতে পারেন।
গত জুন মাসে দীর্ঘ ১৪ বছর পর প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডের পুরো পিচ খুঁড়ে ভিত্তি সংস্কার করা হয়। প্রধান মাঠকর্মী টনি সিনক্লেয়ার ও তাঁর বিশেষজ্ঞ দল খেলোয়াড়দের নিরাপত্তা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে সম্পূর্ণ মাঠের ঘাস নতুন করে গজানোর কাজ করেন। সেই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে তুলে ফেলা পিচের কিছু অংশ যত্ন সহকারে সংরক্ষণ করে কাঁচের কিউবে রূপান্তর করে রেডস সমর্থকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মাঠ ও মাঠের বাইরে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে শেষ করলেও, চলতি মৌসুমে প্রথম পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। একই দিনে ক্লাবটি টানা সপ্তম বছরের মতো তাদের বার্ষিক আর্থিক ক্ষতির কথা জানিয়েছে। নতুন খেলোয়াড় কেনার খরচ এবং কোচ রুবেন আমোরিমকে বরখাস্ত করার ক্ষতিপূরণ দিতে গিয়ে ইউনাইটেডের আর্থিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে।