স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
ইংল্যান্ড সফরে একের পর এক হারের ধাক্কায় কাবু শ্রীলঙ্কা এবার আরও এক বিপদে পড়েছে। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে উড়ে যাওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হারের সঙ্গে যোগ হয়েছে আইসিসির শাস্তি। চেস্টার-লি-স্ট্রিটের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিংয়ের দায়ে লঙ্কান খেলোয়াড়দের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। মাঠের আম্পায়ার ওয়েন নাইটস ও গ্রাহাম লয়েড, তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার জেমস মিডলব্রুকের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি আরোপ করেন।
আইসিসির খেলোয়াড় ও সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী প্রতিটি ওভার কম বোলিংয়ের জন্য ৫ শতাংশ করে জরিমানা হয়। তিন ওভার কম হওয়ায় মোট ১৫ শতাংশ কাটা গেছে। অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।
এই সফরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর প্রথম ওয়ানডেতেও ৭৯ রানের বড় ব্যবধানে হার মেনে নিতে হয়। টস জিতে আগে ব্যাটিং করে ইংল্যান্ড ৪৮.১ ওভারে ২৬৫ রান করে। জবাবে লঙ্কানরা ৩৭ ওভারে মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায়।
ম্যাচসেরা হন উইল জ্যাকস। ছয় নম্বরে নেমে ৪৭ বলে ৪৬ রান করে অপরাজিত থাকার পাশাপাশি বোলিংয়ে ৭ ওভারে ২২ রানে ৫ উইকেট তুলে নেন তিনি। দুনিথ ভেল্লালাগে ৩৬ বলে ৪৫ রান করে হারের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। আজ লিডসে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৭ সেপ্টেম্বর লন্ডনের ওভালে।