স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
জাপানে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমস শেষেই পাকিস্তান দলের বোলিং কোচের পদ ছাড়ছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলে নোফকে। পরবর্তী দুই বছরের জন্য নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। পিসিবির সাথে নোফকের মূল চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, আগেই চুক্তি শেষ করে ডাচ দলে যোগ দিচ্ছেন এই অজি কোচ।
এর মাধ্যমে পাকিস্তান ক্রিকেট দলের সাপোর্ট স্টাফদের দল ছাড়ার মিছিলে নতুন নাম যুক্ত হলো। এর আগে জুলাইয়ে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট আফগানিস্তান দলে যোগ দিতে পদত্যাগ করেন। আর গত মে মাসে অস্ট্রেলিয়া সিরিজের পর মেয়াদের ইতি টানেন ব্যাটিং কোচ হানিফ মালিক এবং দীর্ঘদিনের ফিজিও ক্লিফ ডিকন।
২০২৫ সালের মে মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের আগে পাকিস্তানে যোগ দেওয়া নোফকে ১৮ মাসেরও কম সময় দায়িত্ব পালন করলেন। ডাচদের হেড কোচ হিসেবে তিনি রায়ান কুকের স্থলাভিংশিক্ত হবেন এবং ২০২৮ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এই মেয়াদে তাঁর প্রধান লক্ষ্য থাকবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ডাচদের খেলার যোগ্যতা অর্জন করানো।
নতুন দায়িত্ব পাওয়ার পর ডাচ বোর্ডের বিজ্ঞপ্তিতে নোফকে বলেন, "নেদারল্যান্ডস দলের সাথে কাজ করতে মুখিয়ে আছি, যারা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত মুখ। এটি একটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল ও অনুপ্রাণিত দল। আমার লক্ষ্য এই উন্নতির ধারাবাহিকতা বজায় রাখা। আমি কাজ শুরু করার জন্য তর সইতে পারছি না।"
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্যের ট্র্যাক রেকর্ড রয়েছে নোফকের। ডাব্লিউবিবিএলে ব্রিসবেন হিট, দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট এবং ডাব্লিউএনসিএলে কুইন্সল্যান্ড ফায়ারকে শিরোপা জিতিয়েছেন তিনি। এছাড়া নিউজিল্যান্ডের ওটাগো এবং ডাব্লিউপিএলে ইউপি ওয়ারিয়র্জের সাথেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ কোচ।