Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

রশিদ খানকে সরিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার

স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খানকে হটিয়ে প্রথমবারের মতো বিশ্বের নম্বর ওয়ান টি-টোয়েন্টি বোলার নির্বাচিত হলেন এই রহস্যময় স্পিনার। স্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন রশিদ খান, আর অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এক ধাপ এগিয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে।

পাকিস্তান বোলারদের মধ্যে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ৬৫৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান ধরে রেখেছেন। তবে ধাক্কা খেয়েছেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি, এক ধাপ পিছিয়ে তিনি বর্তমানে ৩৩ নম্বরে (৬০২ পয়েন্ট) অবস্থান করছেন। এছাড়া পেসার হারিস রউফ দুই ধাপ এগিয়ে ৮৬তম স্থানে উঠে এসেছেন, আর উসমান তারিক (৫৭তম) ও সুফিয়ান মুকিম (৬৩তম) নিজ নিজ অবস্থানে উন্নতি করেছেন।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮৪৮ রেটিং পয়েন্ট নিয়ে নিজের তিন নম্বর অবস্থান শক্তভাবে ধরে রেখেছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। এই তালিকার শীর্ষ দুই স্থানে অবস্থান করছেন ভারতের দুই তারকা ব্যাটার ঈশান কিষাণ ও অভিষেক শর্মা।

অন্যান্য পাকিস্তানি ব্যাটারদের মধ্যে তরুণ ওপেনার সায়েম আইয়ুব দুই ধাপ এগিয়ে ৩৯তম স্থানে (৫৬০ পয়েন্ট) এবং সাবেক অধিনায়ক বাবর আজম দুই ধাপ উন্নতি করে ৪১তম স্থানে (৫৫৫ পয়েন্ট) উঠে এসেছেন। বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা ৪৫তম অবস্থান ধরে রেখেছেন, অন্যদিকে ফখর জামান অবস্থান করছেন ৭২ নম্বরে।

বোলারদের তালিকায় বাংলাদেশের সর্বোচ্চ স্থানে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, ১২ তম স্থানে আছেন তিনি। আইসিসি টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চার বোলারই লেগ স্পিনার। আবরার ও রশিদের পরই আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও ইংল্যান্ডের আদিল রশিদ।