স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
জীবনের ৪৫টি বছর কাটিয়ে দিয়েছেন ক্রিকেট মাঠেই। বয়সভিত্তিক দল থেকে শুরু করে ঘরোয়া লিগ, বিসিবি ‘এ’ দল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন ৩টি টেস্ট ও ৩টি ওয়ানডে। তবে অবিশ্বাস্য হলেও সত্য, এই দীর্ঘ ক্যারিয়ারে ফাহিম মুনতাসির ‘সুমিত’ নিজেও জানতেন না যে তিনি খেলাধুলা করছেন শরীরের একটি বড় সীমাবদ্ধতা নিয়ে!
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই সাবেক অফ স্পিনার জন্ম থেকেই একটি মাত্র কিডনি নিয়ে বড় হয়েছেন। অথচ এই সত্যিটা তিনি জানতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ২১ বছর পর, ৪৩ বছর বয়সে গিয়ে।
২০২৩ সালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ভারতের দিল্লিতে গিয়েছিলেন ফাহিম। সেখানে পেটের আলট্রাসনোগ্রাম করার সময় চিকিৎসক দেখেন তাঁর বাঁ পাশের কিডনিটি নেই। পরে বিভিন্ন পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি জন্মগতভাবেই এক কিডনি নিয়ে বেঁচে আছেন। প্রকৃতিপ্রদত্তভাবে তাঁর এই একটি কিডনিই এতদিন দুটি কিডনির কাজ চালিয়ে নিচ্ছিল। তবে ততদিনে সেই একমাত্র কিডনিতেও জটিলতা শুরু হয়ে গিয়েছিল, বাড়তে শুরু করেছিল ক্রিয়েটিনিনের মাত্রা।
গবেষণা বলে, প্রতি এক হাজার শিশুর মধ্যে হয়তো একজনের জন্ম হয় একটি কিডনি নিয়ে। তবে এমন শারীরিক অবস্থা জানা থাকলে ক্রীড়া চিকিৎসাবিজ্ঞান খেলোয়াড়দের বেশি পরিশ্রমের খেলায় আসতে মানা করে। কারণ, কোনো কারণে সেই একমাত্র অঙ্গটি ক্ষতিগ্রস্ত হলে জীবনের ওপর বড় ঝুঁকি চলে আসে।
কিন্তু ফাহিম বিষয়টি নিজেই না জানার কারণে খেলায় কোনো বাধা তৈরি হয়নি। ইতিহাস ঘেঁটে দেখা যায়, চিকিৎসাগত কারণে বা চোট পেয়ে অনেকে একটি কিডনি হারিয়েছেন, কিন্তু জন্মগতভাবে এক কিডনি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলার ঘটনা বিশ্বে ফাহিম মুনতাসির ছাড়া আর দ্বিতীয়টি নেই!
খেলোয়াড় হিসেবে ক্রিকেট খেলতে গিয়ে যে বাড়তি পরিশ্রম হয়েছে, তা শেষ পর্যন্ত তাঁর ওই একটি মাত্র কিডনির ওপরই অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে বলে চিকিৎসকদের ধারণা। এ বছরের শুরু থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ৩০ জানুয়ারি থেকে সপ্তাহে দুই দিন করে ডায়ালাইসিস নিতে হচ্ছে।
বর্তমানে তাঁকে চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। ভারত বা পাকিস্তানে এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। এ সংকটে তাঁর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ আর্থিক সহযোগিতার কথা জানিয়েছে।