Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

২০২৬ বিশ্বকাপ জেতানো কোচকে ২০৩২ পর্যন্ত রেখে দিল স্পেন

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন পদক্ষেপ নিয়েছে। সোমবার এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ৬৫ বছর বয়সী এই কোচের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন হচ্ছে, যার মেয়াদ থাকবে ২০৩২ সাল পর্যন্ত।

২০২২ সালে লুইস এনরিকের চলে যাওয়ার পর দায়িত্বে আসা দে লা ফুয়েন্তে ইতিমধ্যেই দলকে বেশ কয়েকটি বড় সাফল্য এনে দিয়েছেন। তাঁর হাতে ২০২৩ সালে উয়েফা নেশনস লিগ জয়ের পর ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে স্পেন। এর আগে প্রায় এক দশক ধরে তিনি দেশটির বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে কাজ করেছেন, যাঁর অভিজ্ঞতা জাতীয় দল পরিচালনায় কাজে লাগছে।

ফেডারেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাফায়েল লুসান বলেছেন, “আমরা জাতীয় দলের ইতিহাসের অন্যতম সফল প্রধান কোচের কথা বলছি। আমাদের সঙ্গে ১৪ বছর থাকার পর লুইস দে লা ফুয়েন্তে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পাওয়ার যোগ্য।”

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে স্পেন প্রথমে ৩ অক্টোবর ওভিয়েদোয় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। তার তিন দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা।