Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা বাংলাদেশ দলে

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট দল যখন এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছিল, তখনই এল অপ্রত্যাশিত খবর। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি আর মাঠে নামতে পারবেন না।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, সাইফউদ্দিনকে পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বিষয়টি স্পষ্ট করে বলেছেন, “১৯ সেপ্টেম্বর বোলিং অনুশীলনের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআই করার পর চোট নিশ্চিত হয়েছে। তাকে পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন।”

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের চার দিনের ম্যাচেও তিনি হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন। অনুশীলনে আবার সমস্যা দেখা দিলে পরীক্ষায় চোট ধরা পড়ে। ফলে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে তার খেলার সুযোগ আর নেই।

দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্তও ছোটখাটো চোটে পড়েছেন। বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলের চামড়া ছিলে গেছে। তবে টিম ম্যানেজমেন্ট এটিকে বড় সমস্যা হিসেবে দেখছে না।

বাংলাদেশ দল ২৫ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে রওনা হবে। ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ নির্ধারিত হবে। প্রথম পর্ব শেষে জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল বা ওমান এই দলগুলোর যেকোনো একটির মুখোমুখি হতে পারে বাংলাদেশ।