স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম
আন্তর্জাতিক ফুটবলের সেই বিশেষ সময়টা আবার ফিরে এসেছে। ক্লাব ফুটবল থেমে গিয়ে খেলোয়াড়রা এখন নিজেদের জাতীয় দলের হয়ে মাঠে নামবেন। ১৬ দিনের এই ফিফা উইন্ডো আজ থেকে শুরু হয়ে ৬ অক্টোবর শেষ হবে। এই সময়ে হামজা চৌধুরী, লিওনেল মেসি আর ভিনিসিয়ুস জুনিয়রদের মতো তারকাদের পারফরম্যান্স উপভোগ করার সুযোগ পাবেন সবাই।
মেসি এবার আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলবেন ৬ অক্টোবর। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে সেই প্রীতি ম্যাচ। আর্জেন্টিনা আরও দুটি ম্যাচ খেলবে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ২ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে। তবে বিশ্বকাপজয়ী তারকা খেলবেন শুধু শেষ ম্যাচটিতে। গত ৩১ আগস্ট তিনি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২১ বছর ধরে যেসব মুহূর্ত তিনি ভক্তদের উপহার দিয়েছেন, সেগুলো সহজে ভোলা যাবে না।
এদিকে বাংলাদেশের হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া ব্যস্ত থাকবেন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান কাপে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ইন্দোনেশিয়ায় হবে। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে দিয়ে শুরু, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন তারা। গ্রুপের চার দলের মধ্যে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬, সিঙ্গাপুর ১৪৮ আর বাংলাদেশ ১৮১তম স্থানে।
ব্রাজিলও এই উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে। কার্লো অ্যানচেলত্তির দল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে যথাক্রমে কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম ও ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের মুখোমুখি হবেন তারা। ফুটবল ইতিহাসে এই প্রথম ভারত-ব্রাজিল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।