স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম
ক্র্যাভেন কটেজে টানা তৃতীয় পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে শেষ মুহূর্তে রক্ষা করেছেন ম্যাথিউস কুনিয়া। ৮৯তম মিনিটে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের করা দূরপাল্লার শট ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ফুলহ্যামের বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। লিসান্দ্রো মার্তিনেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর এই ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় ইউনাইটেড।
এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে মরশুমের প্রথম জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও হতাশায় ডোবা ফুলহ্যাম ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়ে গেছে।
ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখায় ম্যানচেস্টার ইউনাইটেড। কুনিয়ার কাটব্যাক থেকে ব্রুনো ফার্নান্দেসের নেওয়া জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর কুনিয়ার দূরপাল্লার আরও একটি শট ডিফেন্ডারের গায়ে লেগে বারে আঘাত করে। প্রথমার্ধের মাঝপথে ফুলহ্যামের জশ কিং ও অস্কার বব বিপজ্জনক হয়ে উঠলেও রেড ডেভিলসদের জন্য সেরা সুযোগটি মিস করেন মার্কাস রাশফোর্ড- তাঁর নেওয়া ভলি পোস্টের ওপর দিয়ে চলে যায়।
ফুলহ্যামের জার্মান গোলরক্ষক বার্ন্ড লেয়নো পুরো ম্যাচজুড়েই দুর্দান্ত কিছু সেভ করে ইউনাইটেডকে গোলবঞ্চিত রাখেন। ব্রায়ান এমবিউমো এবং কুনিয়ার একাধিক নিশ্চিত শট দক্ষতার সাথে ঠেকিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধের খেলা কিছুটা মন্থর হয়ে পড়লে দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে গোল হজম করে বসে ইউনাইটেড। ক্যালভিন বাসি-র নিচু শট নিয়ন্ত্রণে নিতে ভুল করেন ম্যান ইউ গোলরক্ষক সেনে ল্যামেন্স। তাঁর গ্লাভস গলে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন আর্জেন্টাইন ডিফেনন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আক্রমণের ঝড় তোলে সফরকারীরা। অবশেষে ৮৯তম মিনিটে বক্সের ২০ গজ দূর থেকে নেওয়া কুনিয়ার শট ফুলহ্যাম ডিফেন্ডার আফেনগ্রুবারকে স্পর্শ করে দিক বদলে লেয়নোকে পরাস্ত করে। ইউনাইটেডকে টানা তৃতীয় হার থেকে বাঁচাতে এই ড্র কার্যকর হলেও, পয়েন্ট টেবিলে তাঁদের অবনমন রোধে খুব একটা সহায়ক হলো না।