Dhaka Mail Logo

স্পোর্টস / অন্যান্য

হাফ ম্যারাথনে কেনিয়ান অ্যাথলেটের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রাস্তায় রোববার এক অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন কেনিয়ার দীর্ঘপাল্লার দৌড়বিদ এগনেস এনগেটিচ। বিশ্ব অ্যাথলেটিক্স রোড রানিং চ্যাম্পিয়নশিপের নারীদের হাফ ম্যারাথনে তিনি শুধু স্বর্ণপদকই জিতলেন না, গড়ে ফেললেন নতুন বিশ্বরেকর্ড।

১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে তিনি আগের রেকর্ড ভেঙে দিয়েছেন মাত্র এক সেকেন্ডের ব্যবধানে। সেই রেকর্ডটি ছিল তারই দেশের পেরেস জেপচিরচিরের। ২০২০ সালে সেটি গড়েছিলেন জেপচিরচির।

প্রতিযোগিতা শুরু থেকেই এনগেটিচ এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত কাউকেই তার কাছে আসতে দেননি। দ্বিতীয় স্থান দখল করেছেন আরেক কেনিয়ান ভেরোনিকা লোলিও। তার সময় ১ ঘণ্টা ৬ মিনিট ৫ সেকেন্ড। তৃতীয় হয়েছেন রুয়ান্ডার ফ্লোরেন্স নিয়ওনকুরু। তিনি শেষ করেছেন ১ ঘণ্টা ৬ মিনিট ৮ সেকেন্ডে।

রেকর্ড গড়ার পর আনন্দে ভাসছেন এনগেটিচ। তিনি বলেন, “আমার কোচ সবসময় বিশ্বাস করতেন আমি পারব। তিনি বলেছিলেন তুমি পারবে। তাই এই বিশ্বরেকর্ড গড়তে পেরে আমি খুব খুশি। যারা আমাকে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ।”

এই জয় তার জন্য আরও বিশেষ। চলতি বছরে তিনি ইতোমধ্যে বিশ্ব ক্রস কান্ট্রি শিরোপা জিতেছেন। এবার রোড রানিংয়েও সোনা এলো। কেনিয়ার হয়ে এটি বড় অর্জন।