Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

চরম ব্যাটিং বিপর্যয়ে বিশাল হার, জ্যোতি বললেন, স্বাভাবিক বিষয়

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে আবারও হতাশায় ভুগতে হলো বাংলাদেশকে। ভারতের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিংয়ে একেবারেই দাঁড়াতে পারেনি তারা। হারমানপ্রীত কৌরের দলের করা ১৯৫ রানের বিশাল স্কোরের জবাবে বাংলাদেশ মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যায়। শেষ পর্যন্ত ১১৪ রানের বিশাল ব্যবধানে হার মেনে নিতে হয় বাংলাদেশকে।

ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাটিং বিপর্যয়কে খানিকটা স্বাভাবিক হিসেবেই দেখেছেন। তিনি বলেন, “যখন এত রানের তাড়া থাকে, তখন এ রকম ব্যাটিং বিপর্যয় হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে মনে হয়, আরেকটু ভালো বোলিং করলে হয়তোবা আরও কিছু কম রান হতো। ভারতের সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি। তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।”

একই সঙ্গে তিনি ব্যাটারদের ওপর দায়ও চাপিয়েছেন। জ্যোতি বলেন, “যেখানে এত অল্প রানে একটা টিম কলাপস করে, সেখানে আসলে আমরা ব্যাটাররা কোনো দায়িত্বই নিতে পারিনি।”

এশিয়ান গেমসের পর জ্যোতি আর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন না। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, “আমার কাছে মনে হয় একজন ব্যাটার এবং একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই ডিসিশন।”