Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

যার কারণে মেসির বার্সেলোনায় ফেরা হয়নি, জানালেন জাভি

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

বার্সেলোনায় লিওনেল মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাই ইচ্ছাকৃতভাবে ভেস্তে দিয়েছিলেন, পূর্বের সেই অভিযোগ আবার এনেছেন সাবেক বার্সা কোচ জাভি হার্নান্দেজ। 'দ্য প্রখর গুপ্ত এক্সপেরিয়েন্স' পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি প্রকাশ করেছেন যে, মেসির বার্সেলোনায় ফেরার বিষয়ে তিনি ও আর্জেন্টাইন মহাতারকা টানা চার মাস যোগাযোগে ছিলেন এবং দুজনেই এই চুক্তিতে সম্পূর্ণ একমত ছিলেন।

২০২১ সালে মেসির ক্লাব ছাড়ার পর জাভি যখন বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন, তখন এই আলোচনার সূত্রপাত হয়। জাভি বলেন, "মেসি আমার খুব ভালো বন্ধু। আমরা কথা বলছিলাম যে সে কীভাবে ফিরতে চায় এবং আমি এতে পুরোপুরি সম্মত ছিলাম। আমি ভেবেছিলাম মঞ্জুইকে (অলিম্পিক স্টেডিয়াম) এটি হতে যাচ্ছে মাইকেল জর্ডানের 'লাস্ট ডান্স'-এর মতো এক স্মরণীয় অধ্যায়। চার মাস ধরে আলোচনা চলার পর লাপোর্তা হঠাৎ সিদ্ধান্ত নেন যে তিনি মেসিকে ফেরাতে চান না। এটি সত্যি এবং খুবই অদ্ভুত ছিল। মেসির মুখোমুখি হয়ে 'আমরা এটি করতে পারছি না' বলাটা আমার জন্য ভীষণ কঠিন ছিল।"

২০২৪ সালে কোচ পদ থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে জাভি বারবার দাবি করে আসছেন, চুক্তি পুরোপুরি প্রস্তুত থাকা সত্ত্বেও ক্ষমতার লড়াইয়ের ভয়ে লাপোর্তা মেসিকে ফেরাতে বাধা দেন। যদিও লাপোর্তার ভাষ্য ছিল ভিন্ন- তার দাবি ছিল মেসি নিজেই অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

একই সাক্ষাৎকারে বার্সেলোনার ডাগআউটে নিজের তিক্ত-মধুর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ৪৪ বছর বয়সী এই সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। শৈশবের ক্লাবের প্রতি আবেগের কথা স্মরণ করে তিনি জানান, আশানরূপ ফলাফল না পেলে তাঁকে ও তাঁর পরিবারকে তীব্র সংবাদমাধ্যমের সমালোচনার মুখে পড়তে হতো।

জাভি যোগ করেন, "বার্সেলোনা আমার হৃদয়ে রয়েছে। এটি শুধু পেশাদারিত্ব নয়, আমার আবেগের জায়গা। যখন ফলাফল আসছিল না, তখন আমি খুব কষ্ট পেয়েছি। প্রেসের সমালোচনায় আমার পরিবার ও বন্ধুরা ভুক্তভোগী হয়েছে, তা ছিল এক কঠিন সময়।" তবে এত প্রতিকূলতার পরও কোচ হিসেবে ক্লাবের অর্জনে নিজেকে সন্তুষ্ট বলে দাবি করেন তিনি।