স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
এশিয়ান গেমসে ঐতিহাসিক অভিষেকের দিনে চরম বাস্তবতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী হকি দল। জাপানের কাকামিঘারার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে 'পুল এ'-এর উদ্বোধনী ম্যাচে এশিয়ার পরাশক্তি চীনের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
মাত্র পাঁচ মাস আগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করা লাল-সবুজ প্রতিনিধিরা প্রথম তিন মিনিট চীনের আক্রমণ সামলে রাখলেও ডেডলক ভাঙ্গার পর আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্যারিস অলিম্পিকে রৌপ্যপদকজয়ী ও এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন বিশ্ব র্যাঙ্কিংয়ের ৩ নম্বর দলটি প্রথমার্ধেই ৪-০ এবং বিরতির আগে ৭-০ গোলের লিড নেয়। দ্বিতীয় অর্ধে আরও ছয়টি গোল করে বিশাল জয় নিশ্চিত করে চীনা নারী দল।
পরাজয় সত্ত্বেও এশিয়ান গেমসের মূল মঞ্চে বাংলাদেশের নারী দলের পৌঁছানো এক অবিশ্বাস্য মাইলফলক। গত এপ্রিলে জাকার্তায় আয়োজিত 'উইমেন্স এশিয়ান গেমস কোয়ালিফায়ার্স'-এর চূড়ান্ত গ্রুপ ম্যাচে হংকংকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এই আসরে খেলার ছাড়পত্র পেয়েছিল তারা।
জাপান সফরের আগে দলের বেশিরভাগ সদস্য জুনিয়র উইমেন্স এশিয়া কাপে অংশ নিতে চীনে অবস্থান করছিলেন। অধিনায়ক অর্পিতা পাল, দুই গোলরক্ষক মহুয়া ও হিমাদ্রি সুখ এবং ডিফেন্ডার নিলান্দ্রি নিল, রিতু আক্তার ও নিনিসেন রাখাইন সরাসরি জাপান পৌঁছে মূল দলের সাথে যোগ দেন।
পুল 'এ'-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও চীনা তাইপে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৩ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া, ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ২৭ সেপ্টেম্বর চীনা তাইপের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।