স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস এক থ্রিলারে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জামাইকা কিংসম্যান। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে গায়ানার দেওয়া ২০৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে জামাইকা। এর মাধ্যমে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা মেহেদী হাসান মিরাজের গায়ানার সিপিএল অভিযান শেষ হল।
টর্নেডো ইনিংস খেলে জামাইকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন রভম্যান পাওয়েল। মাত্র ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৪০ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।
২০৭ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল জামাইকা। তরুণ ওপেনার মাজ সাদাকাত দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসা বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ২টি ছক্কা ও ১টি চার মেরে ১৮ রান তুলে নেন। পরবর্তীতে সাদাকাত ১৭ বলে ৪১ এবং কির্কি ম্যাকেনজি ২০ বলে ৩৪ রান করে বিদায় নিলেও কেসি কার্টি (৪০ বলে ৫৬) ও সাইম আইয়ুব জামাইকাকে রেসে রাখেন।
১২তম ওভারে মিরাজ তাঁর শেষ স্পেল করতে এলে সাইম আইয়ুব তাঁকেও দুটি ছক্কা হাঁকান। মিরাজ তাঁর ৪ ওভারের কোটায় কোনো উইকেট না পেয়ে ৪৩ রান খরচ করেন। শেষ ৩ ওভারে জামাইকার জয়ের জন্য দরকার ছিল ৩৪ রান। ইমরান তাহির ও রোমারিও শেফার্ডের ওভারে রভম্যান পাওয়েল তাণ্ডব চালিয়ে সহজ সমীকরণ তৈরি করেন। শেষ ওভারে ৬ রান প্রয়োজন হলে অ্যান্ড্রে রাসেলকে আউট করে আশার আলো দেখিয়েছিলেন শেফার্ড, কিন্তু ২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় জামাইকা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ২০ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল গায়ানা। সেখান থেকে শাই হোপের (৩৩ বলে ৪০) সাথে ৯৬ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান শিমরন হেটমায়ার। এরপর চার-ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ২০ বলে ফিফটি এবং ইনিংসের শেষ বলে অবিস্মরণীয় সেঞ্চুরি হাঁকান এই গায়ানিজ তারকা।
৪টি চার ও ৮টি ছক্কায় হেটমায়ার ৪৫ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। সাথে কুয়েন্টিন স্যাম্পসনের ১৭ বলে ২৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের বিশাল সংগ্রহ গড়ে গায়ানা। তবে দলের এই পাহাড়সম রান ও হেটমায়ারের দুর্দান্ত শতকও গায়ানাকে ফাইনালের টিকিট এনে দিতে পারেনি।