স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার তিন দফা মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা ম্যাচটি চূড়ান্তভাবে পরিত্যক্ত ঘোষণা করেন।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালের টিকিট পায় নিগার সুলতানা জ্যোতির দল। বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ১০ম স্থানে, আর চীনের অবস্থান ৩৬তম। আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারত ও আয়োজক জাপানের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
আইসিসির পূর্ণ সদস্য হিসেবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে বাংলাদেশও সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল। আয়োজক জাপানও সরাসরি এই পর্বে উঠে আসে। অন্যদিকে বাছাইপর্বের শীর্ষ তিন দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন।
ভারতে এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে পৌঁছায় টাইগ্রেসরা। ২০২৩ সালের এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ।
এই টুর্নামেন্টটি অধিনায়ক হিসেবে জ্যোতি বাবর শেষ এসাইনমেন্ট হতে পারে, কারণ তিনি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন।