স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
আগামী বছরের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি। আগামী ২৭ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে।
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ৩৯ বছর বয়সী রোহিত ও ৩৭ বছর বয়সী কোহলি এখন শুধুমাত্র ৫০ ওভারের ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন। জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১৩৮ রানের ইনিংস খেলা সত্ত্বেও রোহিতের স্থান নিয়ে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে।
অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চলতি বছরের জানুয়ারির পর আবারও ওডিআই দলে ফিরেছেন। এছাড়া প্রথমবারের মতো আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন মিডিয়াম পেসার আকিব নবী এবং অলরাউন্ডার নামান ধীর। অন্যদিকে, অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডিকে মূল এশিয়ান গেমসের স্কোয়াড থেকে সরিয়ে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ৬ অক্টোবর লখনউতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। এতে অধিনায়কত্ব করবেন শ্রেয়াস আইয়ার।
এদিকে নয়া দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেন ইনজুরিতে পড়ায় এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ছিটকে গেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। ২২ সেপ্টেম্বর সানোতে জাপানের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও তিনি খেলতে পারবেন না।
ঘোষিত স্কোয়াডসমূহ:
ওডিআই স্কোয়াড (ওয়েস্ট ইন্ডিজ সিরিজ): শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কওয়াড়, কেএল রাহুল (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নিতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, মোহাম্মদ সিরাজ, আকিব নবী, যশস্বী জয়সওয়াল, নামান ধীর।
টি-টোয়েন্টি স্কোয়াড (ওয়েস্ট ইন্ডিজ সিরিজ): শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, নিতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব।