Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

রিয়াল মাদ্রিদকে জেতাতে সবকিছু বাজি ধরেছিলেন মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

মঙ্গলবার রাতে এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ার পর রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিয়ো স্বীকার করেছেন যে, নাটকীয় জয় নিশ্চিত করতে তিনি বড় ঝুঁকি নিয়েছিলেন। দুই গোলের আরামদায়ক লিড হাতছাড়া হওয়ার পর পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে আনতে আক্রমণভাগে বিশাল পরিবর্তন এনে মারাত্মক এক আগ্রাসী ফরমেশন মাঠে নামান এই পর্তুগিজ মাস্টারমাইন্ড।

মঙ্গলবার রাতের ম্যাচে স্বাভাবিক গতিতেই এগোচ্ছিল রিয়াল মাদ্রিদ। আরদা গুলারের একটি ফ্রি-কিক এলচে গোলরক্ষক মাতিয়াস দিতুরোর গায়ে লেগে আত্মঘাতী গোল হিসেবে জালে জড়ায়। এরপর ইয়ান দিওমান্দ্যের নিখুঁত ক্রস থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে।

তবে দ্বিতীয়র্ধে অসাধারণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক এলচে। ম্যাচের শেষ দিকে দ্রুত দুই গোল শোধ করে সমতায় ফেরে তারা, যা সফরকারী রিয়াল শিবিরের জন্য ছিল এক বিশাল ধাক্কা।

যেকোনো মূল্যে তিন পয়েন্ট পেতে মরিনিয়ো বদলি হিসেবে মাঠে নামান কার্লোস এস্পি ও এন্দ্রিককে। এর মাধ্যমে আক্রমণভাগে একযোগে ছয়জন অ্যাটাকিং প্লেয়ার সাজিয়ে মাঠের ভারসাম্য ভেঙে দেন তিনি। মরিনিয়োর এই সাহসী কৌশল ৯১ মিনিটে কাঙ্ক্ষিত ফল এনে দেয়- জুড বেলিংহামের থেকে বল পেয়ে এমবাপে বাড়ান এস্পির দিকে, আর নিখুঁত ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন এই তরুণ স্ট্রাইকার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনিয়ো অকপটে স্বীকার করেন যে, একেবারে শেষ মুহূর্তে মাঠে এতগুলো ফরোয়ার্ড নামিয়ে তিনি আত্মঘাতী ঝুঁকি নিয়েছিলেন। এস্পি ও এন্দ্রিকের সাথে মাঠে ছিলেন এমবাপে, বেলিংহাম, দিওমান্দ্যে এবং ব্রাহিম দিয়াজ, যার ফলে রক্ষণে দারুণ অরক্ষিত হয়ে পড়েছিল দল।

মরিনিয়ো বলেন, "শেষের দিকে বদলি খেলোয়াড় নামিয়ে আমি সবকিছু বাজি ধরেছিলাম। আমরা জিতেছি ঠিকই, তবে হেরেও যেতে পারতাম। আমাদের এই ঝুঁকি নিতেই হতো, কারণ ড্র করে সন্তুষ্ট থাকার সুযোগ আমাদের ছিল না।"

ম্যাচ জেতানো গোলদাতা এস্পির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাঁকে একাদশে সামলানোর চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন মরিনহো, "[এস্পি] দারুণ করছে এবং দলে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে তার সামনে একটা সমস্যা আছে, আর তা হলো এমন একজন খেলোয়াড়, যিনি সাধারণ কোনো খেলোয়াড় নন। দুজনকে একসাথে খেলানো মোটেও সহজ কাজ নয়।"

নাটকীয় জয়ের আমেজ থাকলেও, ম্যাচের ওপর নিয়ন্ত্রণ থাকার সময়েই ব্যবধান আরও বড় করে জয় নিশ্চিত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন মরিনিয়ো। দলের ক্লিনিক্যাল ফিনিশিংয়ের অভাবের বিষয়টি তিনি স্পষ্ট করে তোলেন।

পর্তুগীজ এই কোচ বলেন, "যে ম্যাচগুলো একদম জেতা ম্যাচ বলে মনে হয়, সেখানে তিন, চার বা পাঁচটি সুযোগ পেয়েও আমরা শেষ পেরেকটি ঠুকতে পারি না। আমরা ৩-০ বা ৪-০ ব্যবধানে ম্যাচ শেষ করতে পারিনি। যখন মনে হয় ম্যাচ সহজ হয়ে গেছে, তখন প্রতিপক্ষের মাঠে এমন ঢিলেঢালা মনোভাব বিপদ ডেকে আনে।"

তবে দল হার না মেনে ঘুরে দাঁড়াতে পারায় তিনি কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছেন। মরিনিয়ো যোগ করেন, "ওরা একটা গোল পেতেই ম্যাচটা উন্মুক্ত হয়ে যায়। তবে ভালো দিক হলো, কঠিন পরিস্থিতিতেও দল প্রতিক্রিয়া দেখায় এবং জয় নিয়ে মাঠ ছাড়ে।" এরপর রসিকতা করে তিনি বলেন, "সবচেয়ে ভালো কথা হলো, রিয়াল মাদ্রিদের খেলা দেখে কেউ অন্তত বোর হয় না। আমাদের ম্যাচগুলো সত্যিই রোমাঞ্চকর!"