স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার কে, এমন প্রশ্নের উত্তরে লিওনেল মেসির নামটা অবশ্যই আসবে তালিকার উপরের দিকেই। আধুনিক ফুটবলের সবচেয়ে সেরা এই তারকা তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন তিনি। এরপরই আলবিসেলেস্তেদের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, ফুটবল জাদুকরকে যথাযথ মর্যাদায় বিদায় দিতে চায় তারা। এ কারণেই আয়োজন করা হয়েছে বিদায়ী ম্যাচের।
আর্জেন্টিনা তো বটেই, বিশ্ব ফুটবলের সেরা তারকাকে বিদায় জানাতে ঘরের মাঠে মেসির বিদায়ী ম্যাচ আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর কধ্যে আগামী ৬ অক্টোবরের ম্যাচটি হতে চলেছে মেসির বিদায়ী ম্যাচ।
আর্জেন্টিনার জার্সিতে সবশেষ ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছিলেন মেসি। স্পেনের বিপক্ষে হারের ম্যাচটি জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হয়ে থাকবে, এমনটাই ভেবেছিলেন অনেকে। তবে এবার ঘরের মাঠে নিজ দেশের সমর্থকদের সামনে খেলেই আকাশি-সাদা জার্সিখানা তুলে রাখার সুযোগ পাচ্ছেন মেসি।
৬ অক্টোবর ঘরের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন মেসি। নিনের বিপক্ষে ম্যাচটি তাঁকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। তিনি বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন আগামী ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে সে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারে।’
এদিকে মেসির বিদায়ী সেই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব ফুটবলারকেও। তাপিয়া বলেন, ‘লিওনেল এই আমন্ত্রণ গ্রহণ করার পর আমরা কাতারে তাঁর সঙ্গে খেলা ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে পরিবারসহ এ ম্যাচে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যা স্মরণীয় উপলক্ষ হতে চলেছে। বিশ্বসেরা খেলোয়াড়ের ‘‘শেষ ট্যাঙ্গো’’ উপভোগ করতে আমরা সব আর্জেন্টাইন ও জাতীয় দলের সমর্থককে আমন্ত্রণ জানাচ্ছি।’
বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম মাঠে নেমে আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় প্রথম ম্যাচটি খেলবে বলিভিয়ার বিপক্ষে। ৩ অক্টোবর বুয়েনস এইরেসে স্কালোনির দলের প্রতিপক্ষ বুরকিনা ফাসো। এরপর বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে আকাশি-সাদায় শেষবারের মতো দেখা যাবে মেসিকে। সেটা হবে জাতীয় দলের হয়ে তাঁর ২০৮তম ম্যাচ।