Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

৮৭ বছরের রেকর্ড গুঁড়িয়ে দিলো রোনালদোর দল

স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম

ফুটবলের ইতিহাসে কিছু রেকর্ড এমনই শক্ত যে দশকের পর দশক কেটে যায়, তবু কেউ ছুঁতে পারে না। আর্জেন্টিনার রিভার প্লেটের সেই পুরনো কীর্তিও তেমনই ছিল। প্রায় নয় দশক ধরে টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করার সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছে সৌদি আরবের আল নাসের। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল এখন নতুন বিশ্বরেকর্ডের মালিক।

গত ১২ সেপ্টেম্বর আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেই ঘটেছে এই ঐতিহাসিক ঘটনা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় আবদুল্লাহ আল-হামদান দূর থেকে এক দারুণ শট নিয়ে সমতা ফেরান। সেই গোলই আল নাসেরকে পৌঁছে দিয়েছে ৯৪ ম্যাচের নতুন উচ্চতায়। এর আগে ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ জয়ে রোনালদোর গোলে তারা রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছিল।

এই অবিশ্বাস্য ধারাবাহিকতার শুরু ২০২৩ সালের ৮ ডিসেম্বর। আল-রিয়াদের বিপক্ষে ৪-১ জয়ের ম্যাচ থেকে আল নাসের প্রতিটি লিগ খেলায় অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে। এর ঠিক আগে আল-হিলালের কাছে ০-৩ হারের পর থেকে আর কোনো লিগ ম্যাচে গোলশূন্য থাকেনি তারা।

রিভার প্লেটের সেই বিখ্যাত ‘লা মাকিনা’ দল ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি লিগ ম্যাচে গোল করেছিল। সে সময় জোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো তারকারা মাঠ মাতিয়েছিলেন। সেই ৯৩ ম্যাচে তাদের মোট গোলসংখ্যা ছিল ৩০১। প্রায় ৮৭ বছর পর সেই রেকর্ডের দখল নিল আল নাসের।

তবে সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে রিভার প্লেটের আরও বড় রেকর্ড এখনো অক্ষত। লিগের পাশাপাশি কাপ ম্যাচসহ তারা টানা ৯৬ ম্যাচে গোল করেছিল। আল নাসের শুধু লিগের রেকর্ডই ভাঙতে পেরেছে।

এসটি