Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

মিরপুরে টাইগারদের এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

অস্ট্রেলিয়া সফর শেষে কদিনের বিরতির পর আবার মাঠে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমস টি-টোয়েন্টির জন্য শুরু হয়েছে প্রস্তুতি। গত আসরের ব্রোঞ্জ পদককে ছাড়িয়ে আরও ভালো ফলের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে স্কোয়াডের সদস্যরা। প্রথম দিনের অনুশীলনে অংশ নিয়েছেন দলের বেশিরভাগ ক্রিকেটার। তবে কয়েকজন এখনো অনুপস্থিত।

ছুটিতে থাকা পেসার শরিফুল ইসলাম ১৫ সেপ্টেম্বর ক্যাম্পে যোগ দেবেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে থাকা হাসান মাহমুদ এখনো দেশে ফেরেননি। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে খেলা ক্রিকেটাররা আজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁদেরও শিগগিরই ক্যাম্পে যোগ দেওয়ার কথা। কোচ ও সাপোর্ট স্টাফরা ফিটনেস, দলীয় সমন্বয় এবং টি-টোয়েন্টি ফরম্যাটের ওপর জোর দিচ্ছেন।

জাপানের আইচি ও নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ২০তম এশিয়ান গেমস। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। র‍্যাংকিংয়ের ভিত্তিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। 

এই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান। গ্রুপ পর্বের ম্যাচগুলো ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর, কোয়ার্টার ফাইনাল ২৮-২৯ সেপ্টেম্বর, সেমিফাইনাল ১ অক্টোবর এবং ফাইনাল ও ব্রোঞ্জের ম্যাচ ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। মোট ১০টি দল অংশ নিচ্ছে পুরুষদের ইভেন্টে।