Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি আজ

স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে আশা আর বাস্তবতার ফারাকটা স্পষ্ট হয়ে উঠছে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে। শুরুটা হয়েছে খানিকটা হোঁচট খেয়ে। কিন্তু রোববার ঘরের মাঠে স্থানীয় প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাইকেল ক্যারিকের দলের সামনে নিজেদের প্রকৃত সক্ষমতা দেখানোর বড় সুযোগ এসেছে।

অন্যদিকে এনজো মারেস্কার অধীনে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ওল্ড ট্রাফোর্ডে হাজির হয়েছে সিটি। যদিও তাদের খেলার ধরন বলছে এখনও অনেক কিছু ঠিকঠাক করতে হবে। ফলে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিই দুই ক্লাবের বর্তমান অবস্থানের আসল চিত্র তুলে ধরবে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে ম্যাচটি।

গত জানুয়ারিতে রুবেন আমোরিমের সঙ্গে বিচ্ছেদের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ক্যারিক দুর্দান্ত প্রভাব ফেলেছিলেন। শুরুটাই হয়েছিল সিটির বিপক্ষে ২-০ জয় দিয়ে। তার শান্ত ও বিচক্ষণ নেতৃত্বে গত মৌসুমের শেষ ১৭ প্রিমিয়ার লিগ ম্যাচের ১২টিতে জয় পায় ইউনাইটেড, হারে মাত্র দুটিতে। ফলে লিগে তৃতীয় স্থান ও চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিশ্চিত হয়। পরে তাকে স্থায়ী কোচ বানানো হয়।

এবার গ্রীষ্মে ইউরি তিয়েলমান্সসহ কিছু সংযোজন ছাড়া দলবদলে তেমন সক্রিয় ছিল না ইউনাইটেড। তার খেসারত দিতে হয়েছে উদ্বোধনী ম্যাচেই, নবীন হাল সিটির কাছে ২-০ হারে। এরপর ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে ইপসউইচের বিপক্ষে ৫-২ জয় তুলে নেয় তারা। কিন্তু এভারটনের মাঠে যোগ করা সময়ে গোল হজম করে ২-২ ড্রয়ে মাঠ ছাড়ে।

রক্ষণভাগ নিয়ে শঙ্কা বাড়ছে। সাবেক ডিফেন্ডার ও স্কাই স্পোর্টস বিশ্লেষক গ্যারি নেভিল এভারটন ম্যাচের পর বলেছেন, এই দুর্বলতা সহজে কাটবে না এবং এটি মৌসুমের বড় সমস্যা হতে পারে। রোববার সিটির আক্রমণ, বিশেষ করে ছন্দে থাকা আর্লিং হালান্ডের মুখোমুখি হতে হবে তাদের। চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে জোড়া গোলসহ সাম্প্রতিক ম্যাচগুলোতে হালান্ডের ফর্ম চোখে পড়ার মতো।

পেপ গার্দিওলার জায়গা নেওয়াকে অনেকটা ‘অসম্ভব মিশন’ বলা হলেও মারেস্কা ভালো শুরু পেয়েছেন। গ্রীষ্মে বড় খরচে নতুন মুখ যোগ করা হয়েছে, তবে সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে সময় লাগবে। প্রমোশন পাওয়া কভেন্ট্রির বিপক্ষে কষ্টার্জিত ১-০ জয়ের পর মারেস্কা বলেছেন, খেলোয়াড়দের আরও ভালোভাবে চিনতে পারছেন তিনি এবং দিন দিন দল আরও শক্তিশালী হবে।

শিরোপাপ্রত্যাশী আর্সেনাল টানা জয়ে এগিয়ে আছে, যা সিটির জন্য চাপ বাড়াচ্ছে। ডার্বিতে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

দুই দলের সামগ্রিক হেড-টু-হেডে ইউনাইটেড এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে সিটির দাপট বেশি। তবে ক্যারিকের অধীনে গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে জয়ের স্মৃতি ইউনাইটেডকে উৎসাহ জোগাবে। ম্যাচটি দুই ক্লাবের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার আসল পরীক্ষা হবে।